আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নির্বাচনের আগে প্রচারে এসে ফের কাশ্মীর 'তাস' খেললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জানালেন, কাশ্মীরের মানুষদেরই সিদ্ধান্ত নিতে দেওয়া হোক যে তারা পাকিস্তানের অংশ হতে চান নাকি 'স্বাধীন দেশে'র বাসিন্দা হবেন।
ভারত বরাবরই জানিয়ে এসেছে জম্মু ও কাশ্মীর চিরকালই ভারতেরই অংশ 'ছিল, আছে ও থাকবে' কিন্তু পাকিস্তান বারবারই বিতর্ক উসকে দিয়েছে। ইমরানের এদিনের মন্তব্যেও সেই সুরই লক্ষিত হল। আগামী রবিবার ২৫ জুলাই পাক অধিকৃত কাশ্মীরের তরল খল অঞ্চলে নির্বাচন।
তার আগে প্রচারে এসে এক বিরোধী নেতার দাবি প্রত্যাখ্যান করেই এমন কথা জানালেন ইমরান। ওই নেতার দাবি ছিল, কাশ্মীরকে নিজেদের রাজ্য হিসেবেই রাখতে চায় পাকিস্তান। সেই দাবিকে উড়িয়ে এদিন ইমরান দাবি করলেন, কাশ্মীরিরা কী চান, সেটা তাদের হাতেই ছেড়ে দেওয়া হোক। তার মতে, শিগগিরি এমন দিন আসবে যেদিন জাতিসঙ্ঘের মত অনুসরণ করে কাশ্মীরের মানুষকেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে দেওয়া হবে।
অর্থাৎ এবিষয়ে গণভোটের 'টোপ' দিলেন পাক প্রধানমন্ত্রী। একথা সর্বজনবিদিত যে, প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধের অন্যতম কারণ কাশ্মীর ইস্যু। ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতের মোদি সরকার। এরপর থেকে পাকিস্তান বারবার বিষয়টির উত্থাপন করেছে জাতিসঙ্ঘে। কিন্তু ভারত কড়াভাবে জানিয়ে দিয়েছে, এটা একান্তই দেশের অভ্যন্তরীণ বিষয়। এর সমাধানের জন্য অন্য কোনও দেশের সঙ্গে আলোচনা চায় না নয়াদিল্লি।