আন্তর্জাতিক ডেস্ক : ফের গভীর সংকটে আফগানিস্তান। একের পর এক জেলা দখলে নিচ্ছে তালেবান, বাড়ছে সহিংসতা। এর মধ্যে সীমান্ত পার হয়ে তালেবানের দল ভারি করছেন পাকিস্তানিরা? এমন অভিযোগ করা হচ্ছে আফগান সরকারের পক্ষ থেকে। শুধু দল ভারিই করছে না, অংশ নিচ্ছে সহিংসতায়ও।
তবে পিবিএস নিউজ আওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী তালেবানকে সহযোগিতা করার অভিযোগ প্রত্যাখ্যান করে ইমরান খান বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ অর্থহীন।
সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, তার সরকার পাকিস্তানে যুক্তরাষ্ট্রকে কোনো ঘাঁটি তৈরি করার সুযোগ দেবে না। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান বলেন, আমাদের সীমান্তের মধ্যে আর কোনো যুদ্ধ করার সক্ষমতা আমাদের নেই। পাকিস্তান সংঘাতে যোগ দেওয়ার পর থেকেই দেশজুড়ে বোমা হামলার ঘটনা ঘটে। এতে বাণিজ্য ও পর্যটন একেবারেই ধসে পড়েছে। সুতরাং আমরা আর কোনো লড়াইয়ের অংশ হতে চাই না।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আফগান যুদ্ধ শেষ করতে তালেবান যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করে সে বিষয়ে জোর চেষ্টা চালিয়েছে পাকিস্তান। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা তো হলো। এবার আফগানিস্তানে শান্তি ফেরাতে সবার অংশগ্রহণ চাইলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 'অন্তর্ভুক্তিমূলক সরকার' হবে আফগানিস্তানের জন্য সেরা রাজনৈতিক সমাধান বলে মনে করেন ইমরান খান।