রবিবার, ০৮ আগস্ট, ২০২১, ০৮:৫৬:১০

ভারতের নেতৃত্বে আফগানিস্তান নিয়ে জাতিসংঘের বৈঠক, ডাক পেল না পাকিস্তান

ভারতের নেতৃত্বে আফগানিস্তান নিয়ে জাতিসংঘের বৈঠক, ডাক পেল না পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সভাপতিত্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ডাক পায়নি পাকিস্তান। ১৫ সদস্যের কাউন্সিলের বৈঠকের বিষয় ছিল আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি কিন্তু সেই আলোচনায় আফগানিস্তানের নিকটতম প্রতিবেশীকে কেন ডাকা হল না তা নিয়ে উষ্মা প্রকাশ করলো পাকিস্তান। 

পাকিস্তানের বিদেশ মন্ত্রনালয়ের তরফে এক বিবৃতি প্রকাশ করে এই বিষয়ে ক্ষোভপ্রকাশ করেছে। বৈঠকে ভারত অভিযোগের আঙুল তুলেছে পাকিস্তানের দিকেই। যেভাবে পাকিস্তান তালিবানের মতো অসংখ্য জঙ্গি গোষ্ঠীর ‘স্বর্গ’ হয়ে উঠেছে, তার তীব্র বিরোধিতা করেছে নয়াদিল্লি। জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি জানিয়েছেন, ''আফগানিস্তানে শান্তি ফেরাতে জঙ্গিদের নিরাপদ অভয়ারণ্যকে অবিলম্বে ধ্বংস করতে হবে।''

তিনি পরিষ্কার বলে দেন, আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলিতে সন্ত্রাসবাদ চলতে দেওয়া চলবে না। নাম না করলেও বুঝতে সমস্যা হয় না তিনি পাকিস্তানকেই কাঠগড়ায় তুলেছেন। বৈঠকে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষুব্ধ পাকিস্তান। তাদের মতে, যেহেতু তারা আফগানিস্তানের নিকটতম প্রতিবেশী, তাই ওই দেশে শান্তি ফেরাতে গেলে পাকিস্তানের সঙ্গে আলোচনা করা জরুরি ছিল। 

উল্লেখ্য, বৈঠকে শুধু ভারত নয়। আফগানিস্তান সরকারও পাকিস্তানকে দায়ী করেছে তালিবানদের সাহায্য করার জন্য। এক মাসের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে ভারত। ২০২১-২২ সালে প্রথমবারের জন্য এই দায়িত্ব নিল ভারত। ফ্রান্সের হাত থেকে ১ আগস্ট ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করেছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে