আন্তর্জাতিক ডেস্ক : হিন্দু, মুসলমান বা খ্রিস্টান নয়, মানবধর্মই সবচেয়ে বড়। নিজেদের একমাত্র সন্তানের জন্মসনদ পত্র পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাট পৌরসভা কর্তৃপক্ষের কাছে সন্তানের ধর্ম হিসাবে ‘হিউম্যানিজম’ বা ‘মানবধর্ম’-এর উল্লেখ করে আবেদন জানিয়েছিল দম্পতি। তা হাতে পেয়ে কিছুটা ধন্ধে পড়ে গিয়েছিল রানাঘাট পৌরকর্তৃপক্ষ। কারণ, এর আগে রানাঘাট পৌরসভা থেকে জন্ম শংসাপত্রের জন্য এমন আবেদনপত্র জমা পড়েনি।
স্বভাবতই কর্তৃপক্ষ কিছুটা আপত্তি তুলেছিল। বিষয়টি রানাঘাট মহকুমা প্রশাসনের দুয়ার পর্যন্ত গড়ায়। তবে অবশেষে ওই দম্পতির আবেদন জয় হয়। রানাঘাট মহকুমা প্রশাসন ‘মানবধর্ম’কেই স্বীকৃতি দিল। ‘মানবধর্ম’ স্বীকৃতিপ্রাপ্ত শিশুর নাম সৃজিত মুখোপাধ্যায়। বাবা স্বরূপ মুখোপাধ্যায়, মা মৌমিতা মুখোপাধ্যায়। রানাঘাট-২ নম্বর ব্লকের আইশমালির পুরাতন পাড়ার বাসিন্দা তাঁরা। স্বরূপ মুখোপাধ্যায় আগাগোড়া বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত।
নিজেকে সমাজকর্মী বলে পরিচয় দিয়ে থাকেন। বর্তমানে সিপিএমের যুব সংগঠনের রাজ্য কমিটির সদস্য স্বরূপবাবু। আগাগোড়া একটু ব্যতিক্রমী মানসিকতা তার। নিজেদের জমিজমা, চাষাবাদে সংসার চলে যায়। হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈনর মতো প্রচলিত ধর্মে বিশ্বাসী নন। স্বরূপবাবু মনে করেন, মানুষের পাশে দাঁড়ানোর ধর্মই সর্বোত্তম।