আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ১০ বছর কুন্দুজে জার্মান সেনা ঘাঁটি ছিল তবে এখন তা তালেবানের দখলে। তালেবান কুন্দুজ দখল করার পর কোনো কোনো মহলে আলোচনা শুরু হয়েছিল যে, জার্মানি ফের সেখানে সেনা পাঠাতে পারে। কারণ কুন্দুজ জার্মানির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি ছিল।
গত জুন মাসে সেখান থেকে শেষ জার্মান সেনাকে ফেরত আনা হয়। কিন্তু জার্মানির প্রতিরক্ষামন্ত্রী একাধিক টুইট করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপাতত জার্মান সেনা ফেরত পাঠানোর প্রশ্ন নেই। তবে যেভাবে অ্যামেরিকার নেতৃত্বে যৌথ বাহিনী আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে নিয়েছে, তার সমালোচনা করেছেন তিনি।
আফগানিস্তানের একাধিক আঞ্চলিক রাজধানী এখন তালেবানের হাতে। রবিবারের পর গতকাল সোমবারও তারা উত্তর আফগানিস্তানে আরো অগ্রসর হয়েছে। কুন্দুজ অবশ্য তারা শনি-রবিবারেই দখল করেছিল। উত্তর আফগানিস্তান থেকে কাবুল ঢোকার গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট কুন্দুজ। এখানেই দীর্ঘ ১০ বছর জার্মান সেনা ঘাঁটি ছিল।
গত দশ বছরে জার্মান সেনা এই অঞ্চল সম্পূর্ণ নিজেদের আধিপত্যে রেখেছিল। কুন্দুজ দখল করা মানে কাবুলের পথে অনেকটাই এগিয়ে গেল তালেবান। এই পরিস্থিতিতে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছিল, জার্মানি ফের কুন্দুজে সেনা পাঠাতে পারে। আফগান প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, 'কুন্দুজ সহ গোটা আফগানিস্তান থেকে যে রিপোর্ট আসছে, তা দুঃখজনক। বহু জার্মান সেনা রক্ত দিয়ে কুন্দুজকে রক্ষা করেছিল। আমরা ওখানে অনেক লড়াই করেছি।'