বুধবার, ১১ আগস্ট, ২০২১, ০৯:০৯:১৫

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার পথে ভারত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার পথে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিহাসে প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের সভাপতিত্ব করেছেন। 'আন্তর্জাতিক সহযোগিতার জন্য সমুদ্র নিরাপত্তা বৃদ্ধি' বিষয়ক একটি উচ্চপর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেন তিনি। সেখানে সমুদ্র নিরাপত্তা ইস্যু নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। 

এরপর ১৫ সদস্যদের নিরাপত্তা কাউন্সিলের সর্বসম্মতিক্রমে সমুদ্র নিরাপত্তা বিষয়ক একটি প্রেসিডেন্সিয়াল রেজ্যুলেশন পাস হয়। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার আলোচ্যসূচির আওতায় প্রথমবারের মতো সমুদ্র নিরাপত্তা নিয়ে আলোচনা করা হলো। এর আগে ভারতের প্রধানমন্ত্রী সমুদ্র বাণিজ্য ও নিরাপত্তার বিষয়ে বলেন, 'আমাদের সমুদ্রের পরিবেশ আমাদেরই বাঁচাতে হবে। আর সেই জন্য প্রথমেই প্ল্যাস্টিক বর্জ্য বন্ধ করতে হবে। পাশাপাশি অতিরিক্ত মাছ ধরার প্রবণতাও কমিয়ে আনতে হবে। এ ছাড়াও অন্যান্য দেশের সঙ্গে সমুদ্র যোগাযোগ বাড়াতে হবে।

'আন্তর্জাতিক সহযোগিতার জন্য সমুদ্র নিরাপত্তা বৃদ্ধি' শীর্ষক বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্সিয়াল রেজ্যুলেশন পাস হওয়ায় বিশ্বে ভারতের অবস্থান শক্ত হলো। এর মাধ্যমে ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল। এই অনুষ্ঠানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর উচ্চপর্যায়ের সদস্যদের অংশগ্রহণ দেখা যায়। বৈঠকে চারটি রাষ্ট্র/সরকারপ্রধান এবং ১০ জন মন্ত্রী উপস্থিত ছিলেন। 

এদিকে ভারতীয় নৌবাহিনী জলদস্যুতাবিরোধী অভিযান জোরদার করেছে, পাশাপাশি অংশীদার দেশগুলোকে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা প্রদান করছে। সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণ একটি নতুন উদ্যোগ। এতে  শ্রীলঙ্কা ও মরিশাসের সাহায্যের আহ্বানে সাড়া দিয়েছে ভারত। তথ্যসূত্র : ইকোনমিক টাইমস পত্রিকায় প্রকাশিত ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার 'ভারতের সমুদ্রযাত্রা : লোথাল থেকে নিরাপত্তা পরিষদ' লেখা থেকে সংক্ষেপিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে