আন্তর্জাতিক ডেস্ক : ইতোমধ্যে আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পরাজিত করে বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে তালেবান। এমন সময় উভয়পক্ষকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য আলোচনায় বসার আহ্বান জানানো হলেও তালেবান কী করবে সম্পর্কে স্পষ্টভাবে জানিয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, যতদিন আশরাফ ঘানি আফগানিস্তানের প্রেসিডেন্ট থাকবে ততদিন সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তালেবান। বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানে সংকটের রাজনৈতিক নিষ্পত্তি কঠিন মনে হচ্ছে। তারা (তালেবান) যখন এখানে এসেছিল আমি তাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। তাদের কথা হলো, যতক্ষণ আশরাফ ঘানি আছেন, ততক্ষণ আমরা (তালেবান) আফগান সরকারের সঙ্গে কথা বলব না।
ইসলামাবাদে বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে তালেবানকে সহায়তা করার জন্য পাকিস্তানের সমালোচনা করেছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এদিকে আফগানিস্তানের সরকার নিয়ন্ত্রিত এলাকায় সহিংসতা যত বাড়ছে দেশটির নাগরিকরা ততই পাকিস্তানের ওপর ক্ষোভে ফুঁসছেন।