শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১, ০৬:৪১:৩১

অবিবাহিত আফগান নারীদের জোরপূর্বক বিয়ে করছে তালেবান সদস্যরা

অবিবাহিত আফগান নারীদের জোরপূর্বক বিয়ে করছে তালেবান সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক : দেশের অনেক গুরুত্বপূর্ণ শহর দখলের মাধ্যমে আফগানিস্তানে হারানো ভিত ফিরে পেতে শুরু করেছে তালেবান। এর মাঝেই দেশটির বিদ্রোহী এই গোষ্ঠী তাদের সদস্যদের সঙ্গে অবিবাহিত নারীদের জোরপূর্বক বিয়েতে বাধ্য করছে বলে বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ওয়াশিংটন পোস্ট বলছে, আফগানরা এখন দেশটির সামরিক বাহিনীর সদস্যদের শিরশ্ছেদও দেখছেন তালেবান সন্ত্রাসীদের হাতে। এমনকি কোনও ধরনের উসকানি ছাড়াই সম্প্রতি দখলে নেওয়া এলাকাগুলোতে বেসামরিক নাগরিকদের ওপর হামলাও চালাচ্ছে তালেবানের সদস্যরা। দেশটির বিভিন্ন প্রান্তের প্রাদেশিক রাজধানী শহরের দখল তালেবানের হাতে চলে যাওয়ায় আফগানরা রাজধানী কাবুলের দিকে ছুটছেন।

আফগানরা বলেছেন, দখলকৃত এলাকার অবিবাহিত নারীদের তালেবানের সদস্যদের কাছে বিয়ে দেওয়ার দাবি জানিয়েছে সন্ত্রাসী এই গোষ্ঠী; আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তালেবানের এই দাবিকে নারীদের প্রতি এক ধরনের যৌন সহিংসতা বলে নিন্দা জানিয়েছে। তালেবানের সদস্যরা প্রকাশ্যে বিজয় অর্জনের ঘোষণা দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সামরিক বাহিনীর সদস্য এবং আফগানিস্তানের সাধারণ জনগণকে আশ্বস্ত করে বলেছে, দেশের বৃহত্তর অংশ তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। 

এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু তালেবানের কর্মকাণ্ড বলছে ভিন্ন কথা বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। বৃহস্পতিবার আফগানিস্তানে নিযুক্ত মার্কিন দূতাবাস তালেবানের সহিংস কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় মার্কিন দূতাবাস বলছে, আত্মসমর্পণকারী আফগান সশস্ত্র বাহিনীর সদস্যদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তালেবান। তালেবানের এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত বিরক্তিকর এবং তা যুদ্ধাপরাধের শামিল হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে