শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ০৪:২৭:১৫

গোয়ায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন ও স্বাধীনতা দিবস পালনে স্থানীয়দের বাধা!

গোয়ায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন ও স্বাধীনতা দিবস পালনে স্থানীয়দের বাধা!

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনতা দিবসের আগে ভারতীয় নৌসেনাকে জাতীয় পতাকা উত্তোলনে বাধা। তাও আবার দেশেরই এক অঙ্গরাজ্যে। অবিশ্বাস্য হলেও এমন কাণ্ডই ঘটেছে ভারতের গোয়ার এক ছোট্ট দ্বীপে। ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়েছে, দক্ষিণ গোয়ার সান জাসিন্তো দ্বীপে স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করতে হচ্ছে। কারণ, স্থানীয়রা ওই কর্মসূচিতে বাধা দিচ্ছে।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ নামের একটি কর্মসূচি পালন করছে প্রতিরক্ষা মন্ত্রনালয়। যার অংশ হিসাবেই ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিশেষ অনুষ্ঠানের কর্মসূচি ছিল দক্ষিণ গোয়ার ছোট্ট দ্বীপটিতে। সেই উপলক্ষে পতাকা উত্তোলন করতে চাইলেই নাকি ভারতীয় নৌসেনাকে বাধা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তারা কিছুতেই নৌসেনার জওয়ানদের এলাকায় স্বাধীনতা দিবস উপলক্ষে কোনও অনুষ্ঠান করতে দিতে চায় না। 

আসলে বাসিন্দাদের একাংশের ধারণা, সরকার তাদের ছোট্ট দ্বীপটির উন্নয়নের নামে ভবিষ্যতে বেসরকারি হাতে তুলে দিতে পারে। সেক্ষেত্রে তাদের অস্তিত্বই সংকটে পড়বে। এটা সম্ভাব্য সেই ঘটনারই প্রতিবাদ। এই অভিযোগ জানাতেই আসরে নামেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তিনি নৌসেনাকে অনুরোধ করেন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই কর্মসূচি পালন করতে। 

গোয়ার মুখ্যমন্ত্রীর বক্তব্য, এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। আমি এর তীব্র নিন্দা করছি। আমার সরকার এই ধরনের আচরণ বরদাস্ত করবে না। আমি নৌবাহিনীকে অনুরোধ করছি তারা যেন কর্মসূচি বাতিল না করে। গোয়া পুলিশ তাদের পূর্ণ সহযোগিতা করবে। আমরা সবসময় দেশকে প্রাধান্য দিই। দেশবিরোধী কার্যকলাপ কঠোরভাবে দমন করা হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে