আন্তর্জাতিক ডেস্ক : কাবুলের দিকে তালেবানের অত্যন্ত ক্ষিপ্র গতিতে এগিয়ে আসায় পরিস্থিতি বিপজ্জনক মোড় নিয়েছে। কাবুল থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে তালেবান। যেকোনও সময় কাবুল পতন ঘটতে পারে। রাজধানী কাবুল থেকে ৫০ কিলোমিটার দূরে লগার প্রদেশের রাজধানী পুল-ই আলম দখলের নিয়েছে তালেবান।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক মূল্যায়নে বলা হয়েছে, আফগান নিরাপত্তা বাহিনী যেভাবে ভেঙে পড়েছে - তাতে কয়েক মাস বা এমনকি কয়েক সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় রাজধানী কাবুলের পতন হতে পারে। মার্কিন নাগরিক ও দূতাবাসের সুরক্ষা নিশ্চিত করতে এবার আফগানিস্তানে নতুন বাহিনী পাঠাচ্ছে আমেরিকা।
শুধু তাই নয়, মার্কিন পত্রপত্রিকায় খবর বেরিয়েছে যে তাদের দূতাবাসটি বিমানবন্দরের মধ্যে বা কাছে কোথাও সরিয়ে নেয়া যায় কিনা- সে বিকল্পটিও আলোচনা করেছে প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তালেবান যেন কাবুলের মার্কিন দূতাবাসে হামলা না চালায় সে জন্য মার্কিন আলোচকরা এর মধ্যেই তালেবানের সঙ্গে যোগাযোগ করেছে।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস সূত্রে খবর, আফগানিস্তানে নতুন করে ৩ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা। গতকাল অর্থাৎ শুক্রবারই মেরিন কোরের একটি বিশেষ বাহিনী কাবুল পৌঁছে গিয়েছে। বাকি মার্কিন সৈনিকরা রবিবারের মধ্যেই আফগানিস্তান পৌঁছে যাবে। বাইডেন সরকারের বিদেশদপ্তর সূত্রে খবর, মার্কিন নাগরিকদের পাশাপাশি আমেরিকায় ভিসার আবেদন মঞ্জুর হওয়া বিদেশিরাও এই সেনা-নিরাপত্তার সুযোগ পাবেন। এই বিদেশিদের মধ্যে রয়েছে আমেরিকার হয়ে কাজ করা আফগান নাগরিকরাও। মূলত কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর দেখভালের কাজেই লাগানো হবে ৩,০০০ সেনার নয়া বাহিনীকে।