পরিবারের অমতে এক ছেলেকে বিয়ে করায় ভারতের মহারাষ্ট্র রাজ্যের আওরাঙ্গাবাদ জেলায় অন্তঃসত্ত্বা বড় বোনকে শিরশ্ছেদ করে হত্যা করেছে এক কিশোর।পরে বোনের কাটা মাথা নিয়ে সেলফিও তুলেছে ওই কিশোর।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা বলেন, ১৯ বছর বয়সী ওই তরুণী পরিবারের অমতে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন।সোমবার বোনকে শিরশ্ছেদ করে হত্যা করা কিশোরকে পুলিশ গ্রেফতার করেছে। খবর এনডিটিভি ও বিবিসির।
কিশোরের বয়স ১৮ বছরের নিচে বলে তার আইনজীবী জানানোর পর তাকে কিশোরদের জন্য একটি রিমান্ড হোমে পাঠানো হয়েছে। তবে, একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, তারা আদালতে এই দাবিকে চ্যালেঞ্জ করবেন, কারণ তাদের হাতে একটি সনদপত্র এসেছে, যেটা থেকে দেখা যাচ্ছে সে প্রাপ্তবয়স্ক। তাদের মাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
তরুণী যখন ভাই ও তার মায়ের জন্য চা বানাচ্ছিলেন, তখন ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা করা হয়। ওই কিশোর এবং তরুণীর মা পুলিশের কাছে নিজেরাই ধরা দিয়েছেন। পুলিশ বলেছে, কিশোর ও তার মা মাথা কাটা তরুণীর সঙ্গে একটি সেলফিও তুলেছে।