আন্তর্জাতিক ডেস্ক : যদি আপনি অন্য কারওর পরিচয় নিয়ে একটি ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট যখন খুশি বাতিল করে দিতে পারে হোয়াটসঅ্যাপ। অন্য কারওর পরিচয়ে অ্যাকাউন্ট ব্যবহার করা অপরাধ।
যদি দেখা যায়, কেউ এক জন আপনার কন্ট্যাক্ট লিস্টে নেই, অথচ তাকে আপনি দিনের পর দিন বহু মেসেজ পাঠিয়ে চলেছেন, তাহলেও হোযাটসঅ্যাপ আপনাকে ব্যান করে দিতে পারে। বাল্ক মেসেজিং, অটো মেসেজিং, অটো ডায়ালিংয়ের মতো একাধিক অভিযোগের ভিত্তিতে একজন অপরিচিতকে মেসেজ পাঠানোর জন্য আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে সংস্থা।
আপনি যদি কোনও তৃতীয় পক্ষ অ্যাপ ব্যবহার করেন, যেমন হোয়াটসঅ্যাপ ডেল্টা, জিবি হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ প্লাস, তা হলেও আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করতে পারে সংস্থা। সংস্থার মতে এই অ্যাপ ব্যবহার করলে অনেক সময় ব্যক্তিগত নিরাপত্তার সমস্যা হয়, তাই এগুলি এড়িয়ে চলাই ভাল।
আপনাকে যদি অনেক লোক হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়ে থাকে, তাহলেও আপনার অ্যাকাউন্ট ব্যান করতে পারে সংস্থা। তারা আপনার কন্ট্যাক্ট লিস্টে আছে কি না, তা বিশেষ প্রভাব ফেলবে না এক্ষেত্রে। অনেকে যদি আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করে থাকে, তাহলেও আপনার অ্যাকাউন্টটি নিষিদ্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে হোয়াটসঅ্যাপ।
যদি আপনি কাউকে কোনও সন্দেহজনক লিঙ্ক বা ম্যালওয়ারের লিঙ্ক পাঠিয়ে থাকেন, তাহলেও আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি নিষিদ্ধ করা হতে পারে। হোয়াটসঅ্যাপে পর্নোগ্রাফিক ক্লিপ, কোনও অপমানজনক মেসেজে, কোনও ভয় দেখানো মেসেজ পাঠালেও আপনার অ্যাকউন্ট নিষিদ্ধ করতে পারে সংস্থা।
বেআইনি মেসেজে, কোনও কুদৃশ্য, বেপথে চালিত করা মেসেজ পাঠালেও পড়তে হতে পারে বিপদের মুখে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনও হিংসাত্মক মেসেজ/বার্তা পাঠানো বন্ধ করতে হবে। যাতে হিংসা ও বিদ্বেষ ছড়ায়, এমন কোনও উত্তেজক বার্তা যেন না ছড়ায়, সে দিকে খেয়াল রাখবেন।