আন্তর্জাতিক ডেস্ক : ফের একবার চরম সমালোচনার মুখে দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ড। এবার দশম শ্রেণির ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রের একটি প্যাসেজের অংশে মহিলাদের ভূমিকাকে খারাপ ভাবে দেখানো হয়েছে বলে অভিযোগ।
প্যাসেজে লেখা হয়েছে, 'স্ত্রীরা স্বামীদের কথা মেনে চলা বন্ধ করে দিয়েছেন এবং সে কারণেই সন্তান ও পরিচারকেরা কোনও কথা শোনে না।' এরই সঙ্গে আরও যোগ করা হয়েছে, 'মহিলাদের স্বাধীনতাই সমাজ ও পরিবারে অশান্তির মূল কারণ'।
প্রশ্নপত্রে আরও লেখা হয়েছে, 'স্ত্রীর আস্কারার ফলে বাবা-মায়েরা বাচ্চাদের উপর তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।' প্রশ্নপত্রের প্যাসেজে এমন লেখা ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রশ্নপত্রে লেখা এই প্যাসেজের পর শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হয়েছে এই প্যাসেজের টোন সম্পর্কে লিখতে।
সেখানে উত্তরের বিকল্পে লেখা রয়েছে, 'লেখক একজন পুরুষতন্ত্রে বিশ্বাসী বা অহংকারী'। প্যাসেজটি পড়ে অধিকাংশ শিক্ষার্থীই এই উত্তরটিকেই ঠিক বলে মনে হলেও, উত্তর পত্রে দেখা যায়, যে সঠিক উত্তর হিসেবে অপশন বি 'লেখক জীবনকে হাল্কাভাবে দেখতে অভ্যস্ত' মার্ক করা রয়েছে।
আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বিতর্ক শুরু হতেই বোর্ডের তরফ থেকে প্রধান জনসংযোগ কর্মকর্তা রমা শর্মা বিবৃতি জারি করেছেন। তার দাবি, ইংরেজি প্রশ্নপত্রের একটি প্যাসেজ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তারা এই প্রশ্নটির মাধ্যমে অপ্রগতিশীল চিন্তাধারা ও লিঙ্গ বৈষম্যকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে মনে করছেন।