বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ০৯:২৫:০৬

বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে উপেক্ষিত ইন্দিরা গান্ধী, অভিযোগ রাহুল গান্ধীর

বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে উপেক্ষিত ইন্দিরা গান্ধী, অভিযোগ রাহুল গান্ধীর

আন্তর্জাতিক ডেস্ক : বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে উপেক্ষিত ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এমনই অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আজ। ১৯৭১ সালের আজকের দিনেই রমনা রেসকোর্সে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি সেনা।

আজকে ভারতের দেহরাদুনে এক জনসভায় কংগ্রেস নেতা বলেন, ‘আজ দিল্লিতে বাংলাদেশ যুদ্ধ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর কোনও উল্লেখ ছিল না। যে মহিলা এই দেশের জন্য ৩২টি বুলেট খেয়েছিলেন, তার নাম আমন্ত্রণপত্রে ছিল না কারণ এই মোদি সরকার সত্যকে ভয় পায়।’

রাহুল গান্ধী আরও বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তান ১৩ দিনের মধ্যে মাথা নত করেছিল। সাধারণত, একটি যুদ্ধ ৬ মাস বা এক থেকে দুই বছর ধরে চলে।’ প্রসঙ্গত, ১৯৭১ সালে যুদ্ধের সময় ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। বাংলাদেশের স্বাধীনতায় ইন্দিরা গান্ধীর অবদান অনস্বীকার্য। এই কারণে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল ইন্দিরা গান্ধীর। 

তবে এদিন দিল্লির অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মুখে ইন্দিরা গান্ধীর উল্লেখ ছিল না। সকালে বিজয় দিবস উপলক্ষে একটি টুইট করে ভারতের প্রধানমন্ত্রী মোদী লিখেছিলেন, ‘আজ ৫০তম বিজয় দিবস৷ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গানাদের বীরত্ব, আত্মত্যাগের কথা আমার মনে পড়ছে৷ আর ভারতীয় সেনাবাহিনীর সাহসী সেনাদের কথাও মনে পড়ছে৷ আমরা একসঙ্গে অত্যাচারী বাহিনীর বিরুদ্ধে লড়েছিলাম এবং তাদের পরাজিত করেছিলাম৷ এই উপলক্ষ্যে ঢাকায় গিয়েছেন রাষ্ট্রপতি, যা প্রত্যেক ভারতীয়ের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য৷’ সেখানেও ইন্দিরা গান্ধীর উল্লেখ ছিল না। সূত্র : হিন্দুস্তান টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে