আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীর বিরুদ্ধে আঙুল উঠেছে। তেড়েফুঁড়ে উঠলেন মুখ্যমন্ত্রী। আর বললেন, ‘আমার স্ত্রী দিকে নজর কেন?’ এই বক্তব্য ভারতের আসামের মুখমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আর তার নিশানায় রয়েছেন বিরোধী বিধায়ক অখিল গগৈ। মুখ্যমন্ত্রী বললেন, ‘সাহস থাকলে আমার বিরুদ্ধে কথা বলুন। আমি সাংঘাতিক জিনিস।’
হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। তারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পদ, ক্ষমতা ব্যবহার করে ২৯ বিঘা জমি দখল করেছেন রিনিকি এবং তাদের ছেলে নন্দিল। নন্দিলের নির্মাণ সংস্থার জন্যই এই দখলদারি। সেই নিয়েই সরব হন রাইজোর বিধায়ক অখিল গগৈ। পাল্টা জবাব দিতে যেন বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার বললেন, ‘২০০৮ সাল থেকেই দেখছি, অখিল আমার স্ত্রীর পিছনে লেগে আছেন। রিনিকি জমি কিনলে, গাড়ি কিনলে, খাবার খেলে সবেতেই তার আপত্তি। সাংবাদিক সম্মেলন ডাকলে আমার বিরুদ্ধে কথা বলার সাহস নেই, রিনিকিকে নিয়েই আলোচনা করেন। আমার স্ত্রীর প্রতি কেন তার এতো নজর জানি না। আসামে কি আর কেউ নেই? না আমার স্ত্রীকে খুব কুৎসিত দেখতে?’
যদিও জমি দুর্নীতি নিয়ে কোনও কথা বলেননি বিজেপির এই মুখ্যমন্ত্রী। চুপ করে বসে থাকেননি অখিল গগৈ। পাল্টা কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রীকে। বলেছেন, ‘হিমন্ত এতটাই নিচে নেমে গিয়েছেন যে নিজের স্ত্রীকেও রাজনীতির খেলায় নামিয়ে দিয়েছেন। দুর্ভাগ্যজনক। শুধু নিজের স্ত্রীকে নয়, সব মহিলাদের অপমান করলেন হিমন্ত।’