আন্তর্জাতিক নিউজ : গত বুধবারই মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার প্রস্তাব পাশ হয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায়। যদিও কেন্দ্রীয় এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ভারতের একাধিক নেতা। এআইএমআইএম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি শুক্রবার কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে কটাক্ষ করেছেন।
সংবাদসংস্থা এএনআই-কে ওয়াইসি বলেছেন, একজন ১৮ বছর বয়সি মেয়ে যদি প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারেন তাহলে জীবনসঙ্গীও নির্বাচন করতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের পিতৃত্ববাদের এটি একটি খুব ভাল উদাহরণ। ১৮ বছর বয়সে একজন মেয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ব্যবসা শুরু করতে পারে, প্রধানমন্ত্রী-সাংসদ বিধায়ক নির্বাচন করতে পারে। তাহলে জীবনসঙ্গী নয় কেন?
গত বছরের জুনে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স কত হওয়া উচিত তা ঠিক করার জন্য। গত বছর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মোদী এই প্রস্তাবের কথা উল্লেখ করেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, "মা ও বোনেদের স্বাস্থ্য নিয়ে এই সরকার উদ্বিগ্ন। মেয়েদের অপুষ্টির হাত থেকে বাঁচাতে হলে তাদের সঠিক বয়সে বিয়ে করা প্রয়োজন।"