সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২, ০৬:১১:৪০

কিম জং উন: যে ব্যক্তিকে থামানো সম্ভব নয়

কিম জং উন: যে ব্যক্তিকে থামানো সম্ভব নয়

আন্তর্জাতিক ডেস্ক : গোটা বিশ্বের নিয়মনীতিকে কাঁচকলা দেখিয়ে ২০২২ সালের শুরু থেকেই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। পুরো বিশ্বের নজর দেশটির নেতা কিম জং উনের দিকে। সবাই অপেক্ষায় থাকেন, এরপর 'আর কী করবেন কিম?'

বিশ্লেষকদের মতে, বছরের প্রথম ৪ সপ্তাহে ৭টি ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে কিম জং উন একই সঙ্গে তার আভ্যন্তরীণ লক্ষ্যমাত্রা অর্জন করেছেন এবং বিশ্বের কাছে প্রমাণ করেছেন যে, এই ঝঞ্জাবিক্ষুদ্ধ সময়েও উত্তর কোরিয়া আমলে নেওয়ার মতো পরাশক্তি। আর সঙ্গে এটাও প্রমাণ করেছেন যে, তাদেরকে অবজ্ঞা করার কোনো উপায় নেই।

দক্ষিণ কোরিয়ার সিউলের ইউহা ওম্যান্স বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লেইফ-এরিক ইসলি সিএনএনকে জানান, যেখানে সারা বিশ্ব করোনা ভাইরাস মহামারিতে বিপর্যস্ত, সেখানে উত্তর কোরিয়া এশিয়ার পরিস্থিতিকে অস্থিতিশীল করে নিজেদেরকে 'পারমাণবিক শক্তিধর' হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

বিশ্লেষকদের মতে, যে ৭টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে সেগুলোকে বিভিন্ন ধরনের অস্ত্র ও প্রযুক্তির প্রদর্শনী হিসেবে বিবেচনা করা যায়। এর মধ্যে রয়েছে, 'হাইপারসনিক গ্লাইড ভেহিকল'। এটিকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবস্থা। এর পাশাপাশি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইআরবিএম) রয়েছে, যেটি ২০১৭ সালের পর উত্তর কোরিয়ার সবচেয়ে দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র। তারা ক্রুজ ক্ষেপণাস্ত্রও পরীক্ষা করেছে, যেটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পরাশক্তির অস্ত্রাগারের অবিচ্ছেদ্য অংশ।

কিম জং উনের প্রতিশ্রুতি অনুযায়ী, দেশটি এখন শুধুমাত্র প্রতিবেশী ও শত্রু হিসেবে বিবেচিত দক্ষিণ কোরিয়া নয়, দূরবর্তী দেশ যুক্তরাষ্ট্রকেও আঘাত করার সক্ষমতা অর্জন করেছে। গতকাল ৩০ জানুয়ারি পরীক্ষা চালানো মধ্যম পাল্লার আইআরবিএম ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের শাসনাধীন গুয়াম দ্বীপে আঘা'ত হানতে সক্ষম। কিমের পরীক্ষা কী কেবল বাইডেনের মনোযোগ আকর্ষণের চেষ্টা?

ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন ও তার প্রশাসন উত্তর কোরিয়াকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করেনি। তারা করোনাভাইরাসের পাশাপাশি চীন, তাইওয়ান এবং সাম্প্রতিককালে ইউক্রেন নিয়ে অনেক বেশি মনোযোগী। তবে ২০২২ সালের জানুয়ারিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিপরীতে যুক্তরাষ্ট্র তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি বললেই চলে।

রোববার এক মার্কিন কর্মকর্তা ওয়াশিংটনে সাংবাদিকদের জানান, ওয়াশিংটন পিয়ং ইয়ংয়ের সঙ্গে আলোচনায় আগ্রহী। তবে তারা বাইডেন ও কিমের মধ্যে সরাসরি বৈঠকের বদলে আরও নিম্নপর্যায় থেকে বৈঠক শুরুর পক্ষে। এটা নিঃসন্দেহে কিমের জন্য হতাশাজনক। কারণ তিনিই প্রথম কোনো উত্তর কোরীয় নেতা হিসেবে মার্কিন প্রেসিডেন্টের (ট্রাম্প) সঙ্গে ৩ বার সশরীরে বৈঠক করেছিলেন। তবে, এ মুহূর্তে উত্তর কোরিয়া আইসিবিএম পরীক্ষা চালালে তা বাইডেন ও তার দলের পররাষ্ট্রনীতির ওপর বড় ধরনের আঘাত হবে।

২০২১ সালের জানুয়ারিতে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের ৮ম পার্টি কংগ্রেসে যেসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন কিম, তা একে একে পূরণ করেছেন। প্রথম লক্ষ্য ছিল হাইপারসনিক ওয়ারহেডের পরীক্ষা, যা এ মাসেই সম্পন্ন হয়েছে। আরেকটি লক্ষ্য ছিল ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ পরীক্ষা, যা গত অক্টোবরে সফল হয়। আরেকটি লক্ষ্য ছিল বিভিন্ন ধরনের অভিযানের উপযোগী 'ট্যাকটিকাল পারমাণবিক অস্ত্র' নির্মাণ। এ মাসের পরীক্ষাগুলোর মধ্যে একটি ছিল 'ট্যাকটিকাল ক্ষেপণাস্ত্রের' পরীক্ষা।

তবে এতকিছুর পরে কিম বিশ্বের পরাশক্তিদের সঙ্গে একই টেবিলে বসার সুযোগ যদি নাও পান, তাহলেও এটুকু অন্তত বলা যায় তিনি তাদের দরজায় কড়া নাড়তে পেরেছেন এবং খুব শিগগির তার জন্য দরজা খুলেও যেতে পারে। প্রকারান্তরে, কিম জং উন পৃথিবীর কাছে প্রমাণ করতে চান, আর যাই করুন না কেন তাকে থামানো সম্ভব নয়।

উল্লেখ্য, কিম জং উন হচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। তিনি কিম জং ইলের চতুর্থ সন্তান ও কিম ইল-সাংয়ের নাতি। তিনি বর্তমানে উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির প্রথম সম্পাদক, কেন্দ্রীয় সামরিক সংস্থার সভাপতি, জাতীয় প্রতিরক্ষা সংস্থার সভাপতি, কোরিয়ান পিপলস আর্মির সর্বোচ্চ অধিনায়ক ও কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সভাপতিমণ্ডলীয় নিয়ন্ত্রণ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তার বাবা কিম জং ইলের অন্ত্যেষ্টিক্রিয়ার পর তিনি ২৮ ডিসেম্বর ২০১১ নিজেকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেন। তিনি তার বাবা কিম জং ইল ও মা কো ইয়ং হীর তৃতীয় ও সর্বকনিষ্ঠ পুত্র। ২০১০ সালের শেষ দিক থেকেই কিম রাষ্ট্রের পরবর্তী উত্তরাধীকারের মতো আচরণ শুরু করেন এবং তার বাবার মৃত্যুর পর কিমকে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন “মহান উত্তরাধিকারী” হিসেবে ঘোষণা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে