আন্তর্জাতিক ডেস্ক : ডিজিটাল এই যুগে মোবাইল ছাড়া একদিনও কল্পনা করা যায় না। প্রযুক্তি আমাদেরকে যেমন অনেক এগিয়ে দিয়েছে, তেমনি এর ব্যবহারে সচেতনার অভাবে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। ডেকে আনছে বড় বিপদ। এমনি এক ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণ ২৪ পরগনায়।
মোবাইলে চার্জ দিতে দিতে কথা। আর সেটিই ডেকে আনে বড় বিপদ। চার্জে থাকা অবস্থায় মোবাইল ফেটে গুরুতর আহত হন গৃহবধূ শম্পা বৈরাগী। পরে উদ্ধার করে তাকে কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
২৪ পরগনা কুলপির রামকৃষ্ণপুর এলাকার বাসিন্দা ছিলেন গৃহবধূ শম্পা বৈরাগী। পরিবারের সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ঘরের দরজা বন্ধ করে মোবাইল চার্জ দিচ্ছিলেন তিনি। চার্জে থাকা অবস্থায় মোবাইলে কথা বলছিলেন সম্ভবত। আর তারপরই বিস্ফোরণের মতো জোরে ৩ বার শব্দ হয়। তীব্র শব্দে আশপাশ কেঁপে ওঠে। শব্দ পেয়ে ছুটে আসেন ওই গৃহবধূর বাড়ির লোকজন। তারা এসে দেখেন যে, চার্জ দেওয়া অবস্থায় মোবাইলটি সম্পূর্ণ ফেটে গেছে। তার জেরে গুরুতর আহত হয়েছেন ওই গৃহবধূ।
অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে মৃত্যু হয় তার। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার। কেউ কল্পনাই করতে পারছে না যে, মোবাইলে চার্জ দেওয়া থেকে কত বড় বিপদ ঘটে গেল। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তথ্য সূত্র:জি২৪ঘণ্টা