আন্তর্জাতিক ডেস্ক : এটি নিঃসন্দেহে অমানবিক কাজ! বিষ মেশানো খাবার খাইয়ে এগারোটি পথকুকুরকে হত্যার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। আর এমন নির্মম ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার বহিরগাছি গ্রামে।
এদিকে পথ কুকুরগুলিকে প্রতিদিন দুপুর ও রাতে খাবার খেতে দিতেন স্থানীয় বাসিন্দা পশুপ্রেমী সুব্রত বিশ্বাস। তিনি ওই এগারোটি কুকুরকে ‘খুনে’র ঘটনায় এলাকার দুই যুবকের বিরুদ্ধে চাপড়া থানায় অভিযোগ দায়ের করেন। বহিরগাছি গ্রামেরই বাসিন্দা মিয়াজান বিশ্বাস ও হজরত বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার সকালে এলাকার লোকজন রাস্তার পাশে কমপক্ষে ১১টি কুকুরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর দাবি, ওই কুকুরগুলিকে সোমবার রাতের অন্ধকারে কীটনাশক মেশানো খাবার খেতে দেওয়া হয়। এই ঘটনায় মিয়াজান বিশ্বাস ও হজরত বিশ্বাস নামে দুই যুবকের বিরুদ্ধে চাপড়া থানায় অভিযোগ দায়ের করেন।
সুব্রত বিশ্বাসের বক্তব্য,”গত বছর করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় মানুষ রাস্তাঘাটে বেরতেন না। সে কারণে রাস্তার কুকুরগুলো ঠিকমতো খেতে পেত না। তখন থেকেই আমি রাস্তায় কুকুরগুলোকে খেতে দিতাম। আর সে কারণেই ওদের উপর মায়া পড়ে গিয়েছিল। জানি কুকুর অনেকে পছন্দ করেন না। রাস্তার কুকুর নিয়ে অনেক সময় সমস্যা দেখা দিতে পারে।
তবে এভাবে তাদের মেরে ফেলা কোনভাবেই উচিত হয়নি। বিকল্প কোনও ব্যবস্থা নেওয়া যেতে পারত। কারও প্রাণ নেওয়ার অধিকার নেই। এটা সম্পূর্ণ অমানবিক কাজ। তাই আমি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। তাদের কঠিন শাস্তি হোক, এটাই চাই।”