বুধবার, ০২ ফেব্রুয়ারী, ২০২২, ০৯:৪৪:৪৯

আপত্তি তুলে নেওয়ার ঘোষণা, রোহিঙ্গাদের গণহত্যার বিচার ফের শুরু করা সম্ভব

আপত্তি তুলে নেওয়ার ঘোষণা, রোহিঙ্গাদের গণহত্যার বিচার ফের শুরু করা সম্ভব

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গাদের উপর নির্মম নির্যাতন ও গণহত্যা চালিয়ে দেশত্যাগে বাধ্য করে জান্তা সরকার। এদিকে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে এ বিচারকাজে প্রাথমিক আপত্তি জানিয়েছিলেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর ও গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। গত বছরের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানে তার সরকার ক্ষমতাচ্যুত হলে পরিস্থিতি বদলে যায়। এখন জান্তা বিরোধী আন্দোলনরত ছায়া সরকার ওই আপত্তি তুলে নেওয়ার ঘোষণা দিল। 

রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নিষ্ঠুর নির্যাতন-নিপীড়ন ও গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) করা মামলার বিচারকাজ এখন ফের শুরু করা সম্ভব হবে।

মিয়ানমারের জান্তাবিরোধী ছায়া সরকার বিবৃতিতে বলেছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনী যে নৃশংসতা চালিয়েছে, আইসিজের তরফে সেই বিষয়ের স্বীকৃতি দেওয়া প্রয়োজন। এতে জান্তা সরকার এখন যেসব নৃশংস অপরাধ সংঘটিত করছে, সেগুলো বন্ধ হওয়ার পথ তৈরি হবে।

রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে মিয়ানমারের বিরুদ্ধে ২০১৯ সালের নভেম্বরে আইসিজেতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। ২০১৯ সালের ডিসেম্বরে দ্য হেগে এ মামলার শুনানিতে অংশ নিয়ে সু চি রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কথা অস্বীকার করেন। আপত্তি জানান ওই অভিযোগের তদন্ত ও বিচারে আইসিজের এখতিয়ার নিয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে