আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃতা ফড়নবিশ বলেছেন, মুম্বাইয়ের যানজট এই শহরের তিন শতাংশ বিবাহ বিচ্ছেদের কারণ। শনিবার দেশটির বাণিজ্যিক রাজধানীখ্যাত মুম্বাইয়ের সড়ক ও যানজট পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন উদ্ভট দাবি করেন তিনি।
বিবাহ বিচ্ছেদের এমন কারণ নিয়ে মন্তব্য করার পর রাজ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রীর এই স্ত্রী। অমৃতা ফড়নবিশের নাম উল্লেখ না করে শিব সেনার নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী তার এই মন্তব্যকে ‘দিনের সেরা (অযৌক্তিক) যুক্তি’ বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যবহারকারী অমৃত ফড়নবিশকে নিয়ে সমালোচনা ও হাস্যরসাত্মক মন্তব্য করেছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিসেস ফড়নবিশ জানান, তিনি নিজেও সড়কে গর্ত থাকার কারণে এবং যানজটে আটকে ভোগান্তিতে পড়েন। তিনি বলেন, আমি দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী, সেটা ভুলে যান। আমি একজন নারী হিসাবে আপনাদের সঙ্গে কথা বলছি। সড়কের খানাখন্দ এবং যানজট কীভাবে আমাদের সমস্যায় ফেলে, তা নিয়ে আমারও অভিজ্ঞতা আছে।
সাবেক মুখ্যমন্ত্রীর স্ত্রীর এই মন্তব্য ঘিরে দেশটিতে অনেকেই উপহাস করেছেন। কেউ কেউ আবার কৌতুক এবং মিমসও করছেন। শিব সেনার নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, আপনি কি জানেন যে মুম্বাইয়ে তিন শতাংশ বিবাহ বিচ্ছেদ যানজটের জন্য হয়। কারণ লোকেজন তাদের পরিবারকে সময় দিতে পারেন না? কৌতুক করে প্রিয়াঙ্কা বলেন, বেঙ্গালুরুর সব পরিবার দয়া করে এটি পড়া থেকে বিরত থাকুন। কারণ এটি আপনার বিয়ের জন্য মারাত্মক হতে পারে।