আন্তর্জাতিক ডেস্ক : একটা ভয়ঙ্কর বাজে অভ্যাস, রাস্তায় চলতে গিয়ে আশেপাশের দিকে না তাকিয়ে চোখ মোবাইল স্ক্রিনে রাখা। এটা যে কত বড় বিপদ ডেকে আনতে পারে সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ভারতের দিল্লির মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম ধরে হাঁটছিলেন শৈলেন্দ্র মেহতা নামে এক ব্যক্তি। তবে প্ল্যাটফর্ম ধরে হাঁটলেও তার নজর ছিল মোবাইল স্ক্রিনে। এ সময় ভারসাম্য হারিয়ে তিনি রেললাইনের ওপর পড়ে যান।
ওই ঘটনার সময়কার ভিডিওতে দেখা গেছে,পড়ে গিয়ে উঠার চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি। এ সময় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কয়েকজন কর্মীকে তার দিকে ছুটে আসতে দেখা যায়। তারা মেট্রোরেল আসার আগেই ওই ব্যক্তিকে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিতে সক্ষম হয়। শুক্রবার দিল্লির উত্তর-পূর্ব অংশে শাহদারা মেট্রো স্টেশনে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে সিআইএসএফ একটি বিবৃতিতে জানায়, প্ল্যাটফর্মে হাঁটার সময় মোবাইল ফোনে ব্যস্ত একজন পুরুষ যাত্রী পিছলে প্ল্যাটফর্ম নম্বর এক থেকে মেট্রো ট্র্যাকে পড়ে যান। সিআইএসএফ কিউআরটি টিমের কনস্টেবল রোথাশ চন্দ্র দ্রুত মেট্রো ট্র্যাকে নেমে ট্রেন আসার আগেই ওই যাত্রীকে উদ্ধার করেন। পড়ে গিয়ে শৈলেন্দ্র তার পায়ে সামান্য আঘাত পেয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে।