আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের তৈরি সমস্যা এবার গিলতে বসেছে পাকিস্তানকে। ইতিমধ্যেই স্বতন্ত্র সত্ত্বা প্রকাশ করতে শুরু করেছে আফগান তালেবান। আর এবার তারা সাফ জানিয়েছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান তথা টিটিপি গোষ্ঠী পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। আফগান সংবাদমাধ্যম টলো নিউজকে দেওয়া এক বিবৃতিতে আফগান তালেবানের মুখপাত্র বিলাল করিমি একথা বলেন।
বিলাল করিমি বলেন, “আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে আফগানিস্তানের জমি থেকে কোনও দেশের নিরাপত্তার প্রতি হুমকি তৈরি হবে না। এটা (তেহরিক-ই-তালেবান) পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। আমাদের দেশে কোনও সন্ত্রাসবাদী সংগঠনের উপস্থিতি নেই।” এদিকে, আখুন্দজাদার সংগঠন যতই দাবি করুক না কেন, বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে রীতিমতো শক্তিবৃদ্ধি করছে টিটিপি।
বিশেষ করে, পাক-আফগান সীমান্ত ঘেষা ডুরান্ড লাইন বরাবর আফগানিস্তানের কুনার, নানগরহার, নুরিস্তান, খোস্ত ও পাকতিয়া প্রদেশে প্রবল উপস্থিতি রয়েছে তেহরিক জঙ্গিদের। এটা স্পষ্ট যে আফগান তালেবান ও আইএসআই ক্রমে টিটিপি উপর কর্তৃত্ব হারিয়ে ফেলছে। ম্প্রতি পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী শেখ রশিদ আহমেদের বক্তব্যেও সেটা ফুটে উঠেছে। শেখ রশিদ বলেন, ওরা ন্যাটোর অস্ত্র ব্যবহার করছে। আমার মতে টিটিপি জঙ্গিদের বোঝানোর চেষ্টা করেছে আফগান তালেবান, কিন্তু তারা সেসব কথা শুনতে চাইছে না।