আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকীতে দেওয়া ঐতিহাসিক ভাষণে ব্রিটিশ রাজতন্ত্রের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেছেন। তিনি বলেছেন, তার ছেলে প্রিন্স চার্লস যখন ব্রিটেনের রাজা হবেন, তখন কুইন কনসর্ট হিসাবে পরিচিত হবেন ডাচেস অব কর্নওয়েল ক্যামিলা।
রাজত্বের ৭০ বছরের ঐতিহাসিক মাইলফলকে পদার্পনের বার্ষিকীতে দেওয়া ভাষণে রানি এলিজাবেথ বলেছেন, এটা তার আন্তরিক ইচ্ছা যে, ক্যামিলার পদবি হবে ‘কুইন কনসর্ট।’ বিবিসি বলছে, ব্রিটেনের সিংহাসনে যিনি রাজা থাকেন তার স্ত্রীকে ‘কুইন কনসর্ট’ বলা হয়। এর অর্থ ক্যামিলার ভবিষ্যৎ পদবি হবে ‘রানি ক্যামিলা’। ২০০৫ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন চার্লস এবং ক্যামিলা। যদিও তার আগে দু'জনেরই বিবাহবিচ্ছেদ হয়েছিল।
চার্লস এর আগে প্রিন্সেস ডায়ানার সঙ্গে ঘর বেঁধেছিলেন। কিন্তু ফ্রান্সের রাজধনী প্যারিসে গাড়ি দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানা মারা যাওয়ার আগের বছর অর্থাৎ ১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে। অন্যদিকে, ব্রিটিশ সেনা কর্মকর্তা অ্যান্ড্রু পার্কার বোলসকে বিয়ে করেছিলেন ক্যামিলা। ১৯৭৩ সালে তাদের বিয়ে হয়। এর মাত্র দুই বছর পর ১৯৭৫ সালে বিচ্ছেদ ঘটে তাদের।