আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মুসলমানদের কাছে জনপ্রিয় নেতা আসাদউদ্দিন ওয়েইসির উপরে হওয়া হামলাকে ঘিরে ভোটের মুখে সরগরম উত্তরপ্রদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচার সেরে ফেরার সময় হামলার মুখে পড়ে তার গাড়ি। তিন থেকে চার রাউন্ড গুলি চালানো হয় গাড়ি লক্ষ্য করে। শেষ পর্যন্ত তার গায়ে আঁচড়টি না লাগলেও ফেঁসে যায় গাড়ির চাকা।
এই পরিস্থিতিতে প্রিয় নেতার মঙ্গলকামনা করে ১০১টি ছাগল জবাই দিলেন জনৈক ব্যবসায়ী। জবাইয়ের সময় সেখানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক এবং ওয়েইসির দলের সদস্য আহমেদ বালালাও। জানা গিয়েছে, তেলেঙ্গানার মালাকপেটের ওই বিধায়ক ছাড়াও গত কয়েক দিন ধরে বহু ওয়েইসি সমর্থকই বিভিন্ন জায়গায় প্রার্থনা করেন তার দীর্ঘায়ু কামনা করে।
ঠিক কী হয়েছিল? বৃহস্পতিবার দুর্ঘটনার পরে আসাদউদ্দিন সংবাদ সংস্থা এএনআইকে এই বিষয়ে বলতে গিয়ে জানান, ‘আমি দিল্লি যাচ্ছিলাম মীরাটের কিঠাউর থেকে। সেই সময়ই ছাজরসি টোল প্লাজার কাছে আমার গাড়িতে দুই দুষ্কৃতী ৩-৪ রাউন্ড গুলি চালায়। আমার গাড়ির চাকা ফেঁসে গিয়েছে। পরে আমি অন্য গাড়িতে ঘটনাস্থল থেকে ফিরি।’
ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে। ওয়েইসির বক্তৃতা শুনে মাথাগরম হওয়ার পরেই তাকে হত্যার চক্রান্ত করে তারা, এমনটাই জানিয়েছে অন্যতম অভিযুক্ত শচীন। পুলিশ সূত্র জানিয়েছে, বেশ কয়েক দিন ধরেই হামলার পরিকল্পনা করছিল শচীন ও শুভম। তারা জানিয়েছে, এই ক’দিনে তারা ওয়েইসির সব জনসভা ও নির্বাচনী প্রচারের সাক্ষী থেকেছে। কিন্তু হামলার সুযোগ পায়নি। যেটা বৃহস্পতিবার সন্ধ্যায় মিলে যাওয়ায় তখনই গুলি চালাতে থাকে তারা। যদিও শেষ পর্যন্ত তাদের সব পরিকল্পনাই ভেস্তে গিয়েছে।