আন্তর্জাতিক ডেস্ক : একটি পাহাড়ি ফাটলে আটকে পড়া ২৩ বছর বয়সী সেই যুবককে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। উদ্ধারের পর তাকে খাবার ও পানীয় দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার পালাক্কাড় জেলার চেরাদ পাহাড়ে। আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত সোমবার থেকে পাহাড়ের ফাটলে আটকে পড়েন ওই যুবক। ফাটলে আটকে পড়ায় উদ্ধারকারীরা তার কাছে পৌঁছাতে বা তাকে খাবার ও পানীয় সরবরাহ করতে পারছিলেন না। স্থানীয়দের মতে, ওই যুবকের নাম আর বাবু। সোমবার চেরাদ পাহাড়ের ওপর ওঠার সিদ্ধান্ত নেন। উঠার সময় পা পিছলে পড়ে যান বাবু। পরে পাহাড়ের পাথরে ফাটলে আটকা পড়েন।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আজ সকালে টুইট করেন, উদ্ধারকারী সেনা দল ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে পেরেছে। চেরাদ পাহাড়ে আটকে পড়া ওই যুবককে উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধারকারীদের দুটি ইউনিট আছে। সেনাবাহিনীর সদস্যরা তার সঙ্গে কথা বলতে পেরেছে। আজ উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। তবে আজ দুপুরে বাবুকে উদ্ধার করতে সক্ষম হন দেশটির সেনাবাহিনী।