আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে আরও একটি যুদ্ধের পূর্বাভাস। ইউক্রেনের মাটিতে রুশ-মার্কিন সেনাদের দাপাদাপি। যে কোনও সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে এবার ইউক্রেনে বসবাসকারী মার্কিন নাগরিকদের সতর্কবার্তা দিয়ে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সতর্কবার্তায় আশঙ্কার মেঘ আরও ঘন হলো।
বৃহস্পতিবার রাতে বাইডেন স্পষ্ট বলেন, 'আমেরিকানদের এখনই ইউক্রেন ছেড়ে চলে আসা উচিত। এই মুহূর্তে বিশ্বের অন্যতম স্পর্শকাতর ইস্যু হয়ে দাঁড়িয়েছে ইউক্রেনের পরিস্থিতি। সেখানে যে কোনও সময় যা খুশি ঘটে যেতে পারে।' বাইডেনের এই সতর্কবাণীর পর যুদ্ধের আবহ আরও খানিকটা উসকে উঠেছে বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ।
ইউক্রেনকে কেন্দ্র করে আমেরিকা-রাশিয়ার মতো পরাশক্তি পরস্পরের বিরুদ্ধে অস্ত্রে শান দিতে নেমে পড়েছে। এক্ষেত্রে রাশিয়ার তৎপরতা বেশি। ইতিমধ্যেই ইউক্রেন সীমান্ত মোতায়েন অসংখ্যক রুশ সেনা। আমেরিকা এখনই সেনা পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে। তবে পরিস্থিতির দিকে কড়া নজর রেখে চলেছে ওয়াশিংটন। বাইডেন বলেন, এই মুহূর্তে পরিস্থিতি বেশ কঠিন এবং যে কোনও সময় যা খুশি হতে পারে। তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ইউক্রেনে বসবাসকারী মার্কিন নাগরিকদের বলতে চাই, আপনারা এখনও ফিরে আসুন।