আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন নিয়ে ক্রমশ উত্তেজনা বেড়েই চলেছে। এবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বক্তব্যে তৈরি হল নতুন চাঞ্চল্য। কূটনৈতিক মহলের একাংশের প্রশ্ন, আরও ঘোলাটে হল পরিস্থিতি? বাইডেনের কথায়, “ইউক্রেনে বসবাসকারী আমেরিকার নাগরিকদের অবিলম্বে ওই দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।”
হঠাৎ কেন এ কথা বলছেন আমেরিকার প্রেসিডেন্ট? বৃহস্পতিবার আমেরিকার প্রেসিডেন্ট এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমেরিকানদের এখনই ইউক্রেন ছেড়ে যাওয়া উচিত। কেননা, রাশিয়ার ইউক্রেনে আক্রমণ করে বসলে সেখানে বসবাসকারী আমেরিকানদের উদ্ধারের জন্যও কোনও সৈন্য পাঠাবে না আমেরিকা।”
বাইডেন আরও পরিষ্কার করে বলেন, “কোনও পরিস্থিতিতেই ইউক্রেনে সৈন্য পাঠাবে না আমেরিকা। সেটা যদি রাশিয়ার আক্রমণের পর সে দেশে বসবাসকারী আমেরিকানদের উদ্ধারের জন্যও দরকার হয়, তাও নয়। যেকোনও মুহূর্তে যেকোনও দিকে পরিস্থিতি মোড় নিতে পারে। তাই ইউক্রেনে বসবাসকারী আমেরিকানদের এখনই সে দেশ ত্যাগ করা উচিত। যদি আমেরিকা ও রুশ সৈন্য একে অপরকে গুলি ছুড়তে শুরু করে, তাহলে আরেকটি বিশ্বযুদ্ধ হবে।”