শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ১২:৪৬:৪১

পুতিন-ম্যাক্রো বৈঠকের বিশাল আকৃতির লম্বা টেবিলের পেছনের কারণ

পুতিন-ম্যাক্রো বৈঠকের বিশাল আকৃতির লম্বা টেবিলের পেছনের কারণ

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউরোপের শান্তি রক্ষায় মস্কো সফরে গিয়ে ক্রেমলিনে কভিড পরীক্ষা করাতে রাজি হননি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ কারণেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় তাকে বসানো হয়েছে বিশাল আকৃতির লম্বা টেবিলের ওপাশে। শুক্রবার এ বিষয়টি জানিয়েছে রাশিয়া।

গত সোমবার অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে নজিরবিহীন বেশ লম্বা এক টেবিলের দুই মাথায় বসতে দেখা যায় দুই নেতাকে। সচিত্র ঘটনাটি অনলাইনে ছড়িয়ে পড়তে সময় নেয়নি। তবে এ নিয়ে আলোচনা জোরদার হয় পুতিন ও কাজাখ প্রেসিডেন্টের বৈঠকের পর। রাশিয়ার এ বন্ধুরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ছোট একটি টেবিলে বসে আলোচনা করতে দেখা যায় পুতিনকে।

ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মস্কোতে গিয়েছিলেন ম্যাক্রো। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ক্রেমলিনের চিকিৎসা সেবাদাতাদের কাছে কভিড পরীক্ষা করাতে রাজি না হওয়ার কারণে ম্যাক্রোকে বড় আকারের টেবিলে বসানো হয়। দুই নেতা সে টেবিলের লম্বালম্বি দিকের দুই প্রান্তে বসেন। পেসকভ বলেন, ‘কারো কারো সঙ্গে আলোচনা লম্বা টেবিলে অনুষ্ঠিত হয়েছে, দূরত্ব ছিল ছয় মিটার।’ 

এ ধরনের ক্ষেত্রে ক্রেমলিনকে প্রেসিডেন্ট ও তার অতিথিদের সুরক্ষায় বাড়তি স্যানিটারি প্রটোকল নিতে হয়েছে বলেও উল্লেখ করেন পুতিন মুখপাত্র। তিনি বলেন, ‘বিষয়টি রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নয়। এখানে কোনো রাজনীতি নেই এবং এটি কোনোভাবেই আমাদের আলোচনায় বিঘ্ন ঘটায়নি।’ ম্যাক্রোর সফরসঙ্গীদের সূত্র জানায়, ফরাসী প্রেসিডেন্ট সেগুলোই করেছেন, যা তাকে সব সময় সফরের সময় করতে হয়। 

বিস্তারিত না জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ফরাসি প্রেসিডেনশিয়াল এক কর্মকর্তা জানান, রুশ কর্তৃপক্ষের কাছ থেকে পিসিআর টেস্ট করতে না চাওয়া থেকেই ঘটনার সূত্রপাত হয়েছে। এ বছরের শুরুতে হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকেও লম্বা টেবিলে বসে পুতিনের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছিল। ক্রেমলিনে পুতিন ও অরবান শ্যাম্পেনও পান করেছিলেন লম্বা কার্পেটের দুই প্রান্তে দাঁড়িয়ে। সূত্র : বিবিসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে