আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ অবমাননা করার অভিযোগ। শাস্তিস্বরূপ অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে পাথর ছুঁড়ে হত্যা করা হল। শনিবার রাতে পাকিস্তানের লাহোরের খানেওয়াল জেলার জঙ্গল ডেরা গ্রামে নৃশংস ঘটনাটি ঘটেছে। যদিও ধর্মান্ধতার জেরে পিটিয়ে খুনের ঘটনা পাকিস্তানে নতুন নয়। দেশটিতে ১৪১৫ টি এমন ঘটনা আগেও ঘটেছে।
মাস কয়েক আগে ধর্মের অপমান করার অভিযোগে শিয়ালকোটে শ্রীলঙ্কার এক ইঞ্জিনিয়ারকে পিটিয়ে খুন করে কারখানার শ্রমিকরা। পাক সংবাদমাধ্যমের খবর, এক মধ্যবয়স্ক ব্যক্তির বিরুদ্ধে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরাণকে অসম্মানের অভিযোগ ওঠে। ওই এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে অভিযুক্ত পবিত্র ধর্ণগ্রন্থের পাতা ছিঁড়ে পুড়িয়ে দিয়েছেন। তারপরই তার বাড়ি ঘিরে ফেলে উন্মত্ত জনতা। খবর যায় স্থানীয় পুলিশ স্টেশনে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেন কিন্তু উন্মত্ত জনতা অভিযুক্তকে ছিনিয়ে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তি নিজেকে নির্দোষ বলে প্রমাণ করার চেষ্টা করেন বহুবার। কিন্তু তার কথা কেউ কানে তোলেনি। ওই ব্যক্তিকে লক্ষ্য করে চলে ইচবৃষ্টি। ছোঁড়া হয় পাথর। পরে গণপিটুনিও দেওয়া হয়। যার জেরে ঘটনাস্থলেই অভিযুক্তের মৃত্যু হয়। এ ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার পুলিশের রিপোর্ট তলব করেছে।