আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের রাস্তা দিয়ে ভারতকে আফগানিস্তানে গম পাঠানোর সুযোগ দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান। খাদ্যকষ্টে থাকা আফগানিস্তানে আগামী সপ্তাহে ৫০ হাজার মেট্রিক টন গম পাঠাবে ভারত। আর এই গম এখন পাকিস্তানের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে। ইসলামাবাদ নভেম্বরে তার দেশের ভূখণ্ড দিয়ে গম সরবরাহের অনুমতি দেওয়ার জন্য নয়াদিল্লির প্রস্তাবে সম্মত হয়।
তিন বছর আগে ২০১৯ সালে ভারতের নিয়ন্ত্রনে থাকা কাশ্মিরের পুলওয়ামা শহরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে হামলার পর পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করে দেয় ভারত। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক পণ্য আনা নেওয়ার বিষয়টি বন্ধ হয়ে যায়। তবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও মানবিক দিক বিবেচনা করে নিজেদের দেশে ভারতের পণ্য প্রবেশ করতে দিতে রাজি হয়েছে পাকিস্তান।
চুক্তি অনুযায়ী ২১ ফেব্রুয়ারি কয়েকশ ট্রাক ভারত থেকে গম বোঝাই করে লাহোরের ওয়াঘা সীমান্ত দিয়ে প্রবেশ করবে। ট্রাকগুলো আফগানিস্তানের জালালাবাদের উদ্দেশে রওনা করবে ২২ ফেব্রুয়ারি। ওইদিন ট্রাকগুলো উত্তর-পশ্চিম পাকিস্তানের তোরখাম সীমান্ত ব্যবহার করে আফগানিস্তানে প্রবেশ করবে। কর্মকর্তারা বলেছেন, গম বোঝাই ট্রাকের প্রথম বহরটি আগামী ২২শে ফেব্রুয়ারি ভারতীয় সীমান্ত শহর আত্তারি থেকে রওনা হয়ে, উত্তর-পশ্চিম পাকিস্তানের তোরখাম সীমান্ত দিয়ে আফগানিস্তানে পৌঁছে যাবে।
ইসলামাবাদ বলছে, তারা আফগানিস্তানের মানবিক সংকট মোকাবেলা করার জন্য শুধুমাত্র একটি ব্যতিক্রম হিসাবে স্থল পথটি খুলে দিচ্ছে। কারণ, জাতিসংঘের কর্মকর্তারা অনুমান করেছেন, প্রায় ২.৪ কোটি লোকের জরুরী ত্রাণ সহায়তার প্রয়োজন রয়েছে, তাদের মধ্যে কয়েক লক্ষ মানুষ ইতোমধ্যে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।