আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমানের সঙ্গে রুশ যুদ্ধবিমান অন্তত তিনবার মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহে ভূমধ্যসাগরে টহল দেওয়ার সময় দুই পক্ষের সামনাসামনি হওয়ার এসব ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পেন্টাগন।
এটিকে রাশিয়ার খুবই 'অপেশাদার কাণ্ড' বলে অভিযোগ করেছে তারা। বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ক্যাপ্টেন মাইক কাফকা বলেছেন, মার্কিন নৌবাহিনীর পি-৮এ বিমান ভূমধ্যসাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে উড়ছিল। এসময় সেটি রুশ এসইউ-৩৫ যুদ্ধবিমানের মুখোমুখি হয়।
চলতি সপ্তাহে তিনবার এ ধরনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত দুবার রাশিয়ার যুদ্ধবিমান মার্কিন প্লেনের খুব কাছাকাছি চলে এসেছিল। একবার তাদের দূরত্ব মাত্র পাঁচ ফুটে নেমে গিয়েছিল বলে দাবি করেছে পেন্টাগন। মার্কিন নৌবাহিনীর তথ্যমতে, পি-৮এ প্লেনটি সাবমেরিনবিধ্বংসী, স্থলযুদ্ধের জন্যে উপযোগী। এটিকে টহল দেওয়ার পাশাপাশি বিভিন্ন উদ্ধার অভিযানে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।