আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সঙ্গে তুরস্কের সংলাপ চলমান থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ সুনির্দিষ্ট পদক্ষেপের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেছে দেশটির সরকার।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, আমিরাত সফর শেষে বুধবার দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এরদোগান। তিনি বলেন, 'সৌদি আরবের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা চলবে। আগামী দিনগুলোতে দৃশ্যমান পদক্ষেপের মধ্য দিয়ে এটি চালু রাখার আশা করছি। সংলাপ এগিয়ে নেওয়ার পক্ষে আমরা। সৌদিকেও এ বিষয়ে একমত থাকতে হবে।'
গত জানুয়ারিতে এরদোগান বলেছিলেন যে, ফেব্রুয়ারিতে তিনি সৌদি সফর করবেন। কখন সেই সফর হচ্ছে এ বিষয়ে দুদেশের কোনো দেশই এখনও পর্যন্ত নিশ্চিত করেনি। এরইমধ্যে আমিরাত সফর করে এলেন এরদোগান। সবশেষ ২০২১ সালের মার্চে এরদোগান ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে যোগাযোগ হয়েছিল।