আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ঝড় ইউনিস’র কারণে রেড এলার্ট বা লাল সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ঝড়টি শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঘণ্টায় ৯০ মাইল বেগে ইউরোপের এই দেশটিতে আঘাত হানতে পারে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গ্রিনিচ মান সময় সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইংল্যান্ড এবং সাউথ ওয়েলসের উপকূলীয় এলাকায় শক্তিশালী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ কারণে এসব এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের কারণে যুক্তরাজ্যে লাল সতর্কতা জারির ঘটনা বিরল।
এদিকে শক্তিশালী ঝড় ইউনিস’র কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইংল্যান্ড এবং সাউথ ওয়েলসে ঘণ্টায় ৯০ মাইল গতিতে বাতাস বয়ে যেতে পারে। এতে ঘর-বাড়ি, গাছপালা ও ট্রেন চলাচলের ব্যাপক ক্ষতি এবং বিদ্যুৎ সেবা ব্যাহত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে ধ্বংসাবশেষ উড়ে মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে।