আন্তর্জাতিক ডেস্ক : কর্নাটক হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে হিজাব বিতর্ক সংক্রান্ত একাধিক পিটিশনের শুনানি চলছে। গত সপ্তাহেই আদালতের তরফে মামলার শুনানি শেষ না হওয়া অবধি শিক্ষা প্রতিষ্ঠান কোনও ধরনের ধর্মীয় পোশাক না পরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবারও এই মামলার শুনানি ছিল।
এক ছাত্রী কোরানের উদাহরণ টেনে এনে শুক্রবার ও রমজানের দিনগুলিতে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে আসার অনুমতি চান। পিটিশন দাখিলকারী ওই ছাত্রীর দাবি, হিজাবের উপর নিষেধাজ্ঞা জারির অর্থ হল পবিত্র কোরআনের উপরও নিষেধাজ্ঞা জারি করা।
মামলাকারী মুসলিম ছাত্রীদের তরফে হাজির আইনজীবী বিনোদ কুলকার্নী কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি রীতুরাজ অবস্থি, বিচারপতি জেএম কাজি ও বিচারপতি কৃষ্ণা এস দিক্ষিতের বেঞ্চের উদ্দেশে বলেন, “হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করায় গরিব মুসলিম মেয়েরাই ভুক্তভোগী হচ্ছে। আমি আদালতের কাছে আবেদন জানিয়ে বলছি যে শুক্রবার অর্থাৎ মুসলিমদের জুম্মাবারে যেন ছাত্রীদের হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার অনুমতি দেওয়া হয়।” সূত্র : টিভি নাইন