সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২, ১২:৫১:৫২

সকল ভারতীয় নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ

সকল ভারতীয় নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : চলমান ইউক্রেন সংকটের মাঝে সেদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত। রোববার ইউক্রেনে ভারতীয় দূতাবাস থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এখবর জানা গেছে।

এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, ভারতীয় দূতাবাস থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে ইউক্রেনে যেসব ভারতীয় শিক্ষার্থী ও সাধারণ নাগরিক রয়েছেন, তারা যেন ভারতে ফিরে যান। রাশিয়া-ইউক্রেন উত্তেজনা ক্রমশ বাড়তে থাকায় ও যুদ্ধের অনিশ্চয়তার প্রেক্ষিতে ইউক্রেনে অবস্থান করা অপরিহার্য নয় এমন সকল ভারতীয় নাগরিক এবং শিক্ষার্থীদের সাময়িকভাবে দেশটি ছাড়ার জন্য বলা হচ্ছে।

এর আগে ভারতের দূতাবাস থেকে শুধুমাত্র শিক্ষার্থীদের ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেয়া হলেও এবার ভারতীয় সকল নাগরিকদেরই যেকোনো বাণিজ্যিক বা চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের চার্টার্ড ফ্লাইট সংক্রান্ত তথ্য হালনাগাদের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ এবং ভারতীয় দূতাবাসের ফেসবুক ও টুইটারে নিয়মিত খোঁজ রাখার পরামর্শও দেয়া হয়েছে। 

এমনকি প্রয়োজনের তাগিদে তারা চাইলে সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করতে পারবে বলেও জানানো হয় দূতাবাসের পক্ষ থেকে। এজন্য একটি সার্বক্ষণিক নিয়ন্ত্রণকক্ষ এবং ভারতীয় দূতাবাসের একটি ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু করা আছে বলেও টুইটে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রসহ অন্য পশ্চিমা দেশগুলো ক্রমাগত দাবি করে আসছে রাশিয়া যেকোনো মুহুর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে