আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলা না চালানোর শর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বসতে রাজি আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। ফ্রান্স দুই শীর্ষ নেতার মধ্যে এই বৈঠক আয়োজনের প্রস্তাব করেছে। এ খবর দিয়েছে বিবিসি।
গত এক দশকে ইউরোপের সবচেয়ে বড় নিরাপত্তা সংকট চলছে, আর সেই সংকটের কূটনৈতিক সমাধান খুঁজতেই এই বৈঠকের প্রস্তাব করা হয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, ইউক্রেনে হামলা চালানোর সব ধরনের প্রস্তুতি নিয়েছে রাশিয়া। তবে মস্কো বরাবরই এই মার্কিন দাবি প্রত্যাখান করে আসছে। ইউক্রেন সংকট নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জো বাইডেনের সাথে ১৫ মিনিটের ফোনালাপ হয়েছে।
সেই সূত্র ধরেই হোয়াইট হাউজ থেকে জানানো হয়, শর্ত সাপেক্ষে পুতিনের সাথে আলোচনায় বসতে রাজি আছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন ও রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর কবে, কোথায় পুতিন-বাইডেন আলোচনায় বসতে পারেন সে বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার জানানো হবে। এমনটাই জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্টর কার্যালয়।