আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউরোপে রাশিয়ার সাথে পশ্চিমা দেশগুলোর চলমান সংকটের মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি রুশপন্থি অঞ্চলকে ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে মস্কো। এমনকি স্বীকৃতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে সেনা পাঠানোর নির্দেশও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এই পরিস্থিতিতে জরুরি বৈঠকের ঘোষণা দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়ে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৮টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইউক্রেন ইস্যুতে বেশ কয়েকটি দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি এই বৈঠক আয়োজনের অনুরোধ করে। এমনকি একটি চিঠির মাধ্যমে ইউক্রেনও তাদের এক প্রতিনিধিকে বৈঠকে অংশ নেওয়ার সুযোগ দিতে দাবি জানিয়েছে।
যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের মধ্যে ইউক্রেন বর্তমানে নেই। অবশ্য এই বৈঠকটি রুদ্ধদ্বার হবে না। জরুরি ভিত্তিতে ডাকা এই বৈঠকটি প্রকাশ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিবিসি।
ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি বলছে, নিরাপত্তা পরিষদের অন্য চার স্থায়ী সদস্য দেশের মতো জাতিসংঘে রাশিয়ারও ভোটো ক্ষমতা রয়েছে। জরুরি এই বৈঠকে কোনো সিদ্ধান্ত বা প্রস্তাবনা সামনে আনা হলেও রাশিয়া সেটি আটকাতে ভোটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। আর তাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি এই বৈঠক থেকে ইউক্রেন সংকট নিরসনে কিছু অর্জিত হতে পারে এমনটা আশা করছে না বিশেজ্ঞরা।