আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুইটি রুশপন্থি অঞ্চলকে মস্কো ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর যার সূচনা হয়। এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রতিবেশীর ভূখণ্ডে পুতিনের নতুন রাষ্ট্র ঘোষণার অধিকার নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আজ (বুধবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। পূর্ব ইউরোপে রাশিয়ার সাথে পশ্চিমা দেশগুলোর চলমান উত্তেজনার মধ্যেই সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি রুশপন্থি অঞ্চলকে ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দেয় মস্কো। এমনকি স্বীকৃতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে সেনা পাঠানোর নির্দেশও দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এতে করে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার বিরোধ চরমে ওঠে। এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশ্ন করেন, প্রতিবেশী দেশের মালিকানায় থাকা ভূখণ্ডে তথাকথিত নতুন রাষ্ট্র ঘোষণার অধিকার প্রেসিডেন্ট পুতিনকে কে দিয়েছে। তিনি বলেন, রাশিয়া আন্তর্জাতিক আইন মানছে না এবং মস্কোর এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। রাশিয়ার সাথে যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা তার নেই। কিন্তু সামরিক জোট ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলোর ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষার অঙ্গীকার করেন তিনি।