বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ১২:৩৩:৪৪

ইউক্রেনের আকাশসীমা বন্ধ হওয়ায় মাঝপথে ফিরছে বিমান, সঙ্কটে বিদেশি নাগরিকরা

ইউক্রেনের আকাশসীমা বন্ধ হওয়ায় মাঝপথে ফিরছে বিমান, সঙ্কটে বিদেশি নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন আক্রমণ করেছে রাশিয়া। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইউক্রেনের আকাশসীমা। ফলে ইউক্রেনে আটকে পড়া নাগরিকদের উদ্ধার করতে এয়ার ইন্ডিয়ার বিমান ‘এআই ১৯৪৭’-কে দিল্লি ফিরতে হচ্ছে মাঝপথে থেকেই। এখনও ১৮ হাজার ভারতীয়সহ ৩ লাখের উপর বিদেশি আটকে ইউক্রেনে। সব মিলিয়ে আরও ঘোরালো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি।

ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি দানা বাঁধার সময়ই ইউক্রেনে বিভিন্ন দেশের দূতাবাস সে দেশে থাকা নাগরিকদের দেশে ফেরার নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ২৪২ জন ভারতীয় শিক্ষার্থী দিল্লি ফেরেন। তাদের নামিয়েই আবার বিমান রওনা দেয় কিভের উদ্দেশে কিন্তু ভারতীয় সময় সকাল সাড়ে ৮টা নাগাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা অভিযানের কথা ঘোষণার পরেই বদলে গেল পরিস্থিতি।

যুদ্ধ ঘোষণা ঘণ্টা দুয়েকের মধ্যেই নিজেদের আকাশসীমা বন্ধ করার কথা জানিয়ে দেয় ইউক্রেন। ফলে কিভমুখী এয়ার ইন্ডিয়ার বিমান ‘এআই ১৯৪৭’ ফিরতে হল মাঝপথ থেকেই। শুধু এয়ার ইন্ডিয়া নয়, অন্য দেশেরও মোট ১৩টি বিমান মাঝপথে ফিরে আসতে বাধ্য হয়। তা হলে যুদ্ধের মধ্যে ইউক্রেনে আটকে পড়া বিদেশিদের কী হবে? আপাতত উত্তর নেই কোনও পক্ষের কাছেই। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে