বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ১২:৫৫:৪৯

ভারতীয় শেয়ার বাজারে বড় ধস, বিশ্বজুড়ে ক্ষতি ১০ লক্ষ কোটি টাকা

ভারতীয় শেয়ার বাজারে বড় ধস, বিশ্বজুড়ে ক্ষতি ১০ লক্ষ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন-রাশিয়া যুদ্ধের শিকার ভারতের শেয়ার বাজার। বৃহস্পতিবার সকালে বাজার খুলতেই বড় ধাক্কা খেল সেনসেক্স, নিফটি। প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও। সবমিলিয়ে রাশিয়ার সেনা অভিযানের ঘোষণার পরই বিরাট ধাক্কা খেয়েছে দেশটির বাজার। এদিন সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে মাথায় হাত পড়ে লগ্নিকারীদের। বাজারে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। 

ফলে বাজার থেকে টাকা তুলে নিতে চাইছেন লগ্নিকারীরা। যার দরুন সকালেই প্রায় দু’হাজার পয়েন্ট পড়ে সেনসেক্স। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত ১৯২৩ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫৫ হাজার ৩০৮ পয়েন্টে। আর ৪১৬ পয়েন্ট পড়ে নিফটি দাঁড়ায় ১৬ হাজার ৬৪৬। সবমিলিয়ে শেয়ার বাজার পারদ পতন অব্যাহত। শুধু ভারত নয়, এশিয়ার প্রায় সমস্ত দেশের শেয়ার বাজারে প্রভাব পড়েছে যুদ্ধের।

এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের মূল্য ১০০ ডলার পার করল। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে আদানির বন্দরের শেয়ার। এছাড়াও ক্ষতির মুখে পড়েছে টাটা স্টিল, টাটা মোটরস, ইউপিএল এবং ইন্ডাসিন্ড ব্যাংক। বিশ্বজুড়ে এর প্রভাব আরও বেশি। ইকোনমিক্স টাইমসের রিপোর্ট অনুযায়ী, গ্লোবাল শেয়ার মার্কেটে হারিয়ে প্রায় ১০ লক্ষ কোটি টাকার বেশি। যার বিরাট প্রভাব পড়তে চলেছে গোটা বিশ্বের অর্থনীতিতে। সূত্র : ইকোনমিক্স টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে