বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ০৩:৩৫:৪০

ইউক্রেনের উপর ‘সামরিক অভিযানের’ পর কী আছে পুতিনের কপালে, জানালেন বাইডেন

ইউক্রেনের উপর ‘সামরিক অভিযানের’ পর কী আছে পুতিনের কপালে, জানালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই দেশটির বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটে। পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরই বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিবৃতিতে বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট পুতিন আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে, তিনি যুদ্ধ করবেন। আর এর ফল ভয়ংকর হবে। প্রচুর মানুষ মারা যাবেন। অসংখ্য মানুষ দুর্দশার মধ্যে পড়বেন। আর এই মৃত্যু ও ধ্বংসের দায় নিতে হবে রাশিয়াকেই। বাইডেন বলেছেন, আমেরিকা ও তার শরিক ও সহযোগীরা এক হয়ে নির্ণায়ক প্রতিক্রিয়া জানাবে। গোটা বিশ্ব এই বিপর্যয়ের জন্য রাশিয়াকেই দায়ী করবে।

বাইডেন বলেছেন, ‘আমি হোয়াইট হাউসে বসে পরিস্থিতির ওপর নজর রাখছি। আমার জাতীয় সুরক্ষা টিমের কাছ থেকে নিয়মিত আপডেট পাচ্ছি। আমি জি-৭ গোষ্ঠীভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে মিলিত হব। তারপর আমি আমেরিকার নাগরিকদের কাছে আমার কথা বলব। পরবর্তী ঘোষণা করব।’

বাইডেন বলেছেন, ‘রাশিয়া যা করেছে তার ফলে বিশ্বজুড়ে শান্তিভঙ্গ হয়েছে। তারা অনাবশ্যকভাবে এই পথ নিয়েছে। আমরা ন্যাটোর শরিক দেশগুলোর সঙ্গে কথা বলব। সকলে মিলে একজোট হয়ে সিদ্ধান্ত নেব। ন্যাটোর বিরুদ্ধে কোনো আগ্রাসন যাতে না হয়, সেটা দেখব। এখন জিল ও আমি ইউক্রেনের সাহসী ও গর্বিত মানুষদের জন্য প্রার্থনা করছি।’ সূত্র: ডয়েচে ভেলে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে