আন্তর্জাতিক ডেস্ক : জেলেনস্কি সরকারের পতন না হওয়া পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার আক্রমণ থামবে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোবিরোধী জেলেনস্কি সরকারকে হটাতে সবধরনের চেষ্টা করবেন। বৃহস্পতিবার মার্কিন টিভি চ্যানেল এবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার বিশ্বাস, রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বড় শহরগুলোতে আক্রমণের পেছনে এটি রাশিয়ার পরিকল্পনার একটি অংশ। ইউক্রেনের বাইরেও রুশ আক্রমণের আশঙ্কা রয়েছে। তবে ন্যাটো মিত্রদের রক্ষায় যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ।
ব্লিঙ্কেন হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যাটোর একটি সদস্যকে আক্রমণ করার অর্থ এর সব সদস্যের ওপর আক্রমণ। প্রেসিডেন্ট বাইডেনের অবস্থান পরিষ্কার, আমরা ন্যাটো অঞ্চলের প্রতি ইঞ্চি জায়গা রক্ষা করবো। আমি মনে করি, ইউক্রেনের বাইরে আক্রমণের ক্ষেত্রে পুতিনের বিরুদ্ধে এটাই সবচেয়ে শক্তিশালী প্রতিবন্ধক।
এদিকে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তাকে সরিয়ে দেওয়ার মাধ্যমে ইউক্রেনকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে চায় রাশিয়া। এক ভিডিওবার্তায় তিনি বলেন, শত্রুরা আমাকে এক নম্বর ও আমার পরিবারকে দুই নম্বর টার্গেট হিসেবে চিহ্নিত করেছে। শত্রু পক্ষের নাশকতাকারীরা কিয়েভে প্রবেশ করেছে। এদের প্রতিহত করতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সূত্র : বিবিসি।