আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনে ঝাঁপিয়ে পড়েছে রাশিয়ার সেনাবাহিনী। পুতিনের যুদ্ধবিমানের বোমায় বেশ কয়েকটি সামরিক ঘাঁটি খুইয়ে কার্যত কোণঠাসা জেলেন্সকির সেনা। কিয়েভ দখল সময়ের অপেক্ষা মাত্র বলেই মনে করছেন সমর বিশেষজ্ঞরা।
এমন অবস্থায় লড়াই থামাতে ভারতের সাহায্য চেয়েছে ইউক্রেন। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করেছে দেশটি। ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ড. ইগর পোলিখা বলেন, “আমি জানি না কতজন রাষ্ট্রনেতার কথা পুতিন শুনবেন কিন্তু আমার মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে ধ্বনি তুললে বিষয়টি বিবেচনা করে দেখবেন পুতিন।” এবার সেই আহ্বানেই সাড়া দিয়েছেন মোদি।
ভারতের প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে খবর, পুতিনের কাছে ইউক্রেনে থাকা ভারতীয় শিক্ষার্থীসহ অন্য নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে সমস্যার কূটনৈতিক সমাধানের আবেদন জানিয়েছেন মোদি। ইউক্রেনের বর্তমান পরিস্থিতির বিষয়ে মোদিকে অবগত করেছেন পুতিন। আরও জানা গিয়েছে যে, যুদ্ধ থামিয়ে ন্যাটো সামরিক জোটের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্র : এএনআই