আন্তর্জাতিক ডেস্ক : গতকাল থেকে ইউক্রেনের উপর রাশিয়ার সামরিক অভিযানের আজ দ্বিতীয় দিন। দেশটিতে চলছে ভয়াবহ যুদ্ধ। আর এর মধ্যে বীরত্বের কারণে ইউক্রেনের ১৩ সেনাসদস্য ভাসছেন মরণোত্তর প্রশংসায়। আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানানোয় রাশিয়ার বোমা হামলায় তারা নিহত হন।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এছাড়া হামলার দ্বিতীয় দিনেও ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণ হয়েছে। একটি রুশ বিমান বিধ্বস্ত হওয়ার খবরের পাশাপাশি দেশটির একটি শহরে ব্যাপক গোলাগুলির ভিডিও সামনে এসেছে।
বিবিসি জানিয়েছে, কৃষ্ণ সাগরের ছোট্ট দ্বীপ স্নেক আইল্যান্ডে দায়িত্বপালন করছিলেন ইউক্রেনের ১৩ জন সেনাসদস্য। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পর স্নেক আইল্যান্ড অবরোধ করে রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ।
পরে রুশ সেনারা ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানায়। কিন্তু ইউক্রেনের ওই ১৩ জন সেনা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানান। এরপরই সেখানে বোমা হামলা চালায় রুশ সামরিক বাহিনী এবং ১৩ ইউক্রেনীয় সেনা নিহত হন।