আন্তর্জাতিক ডেস্ক : দেশ ছেড়ে পালাতে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছিল তা প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, এখানে লড়াই চলছে। আমার দরকার অস্ত্র-গোলাবারুদ, (দেশ ছাড়ার) বাহন নয়। এর আগে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ওঠে- জেলেনস্কি কিয়েভ ছেড়ে চলে গেছেন।
তবে, এমন খবরকে ভুল প্রমাণ করতে জেলেনস্কি তার প্রধান সহযোগীদের নিয়ে রাজধানী থেকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, 'আমরা সবাই এখানেই রয়েছি। আর এভাবেই চলবে।' দেশটির রাজধানী কিয়েভে দফায় দফায় হামলা চালাচ্ছে রুশ বাহিনী। আত্মসমর্পণ ও আক্রমণের মুখে কিয়েভে অবস্থান করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আক্রমণের মুখে প্রাণ হারানোর শঙ্কা থাকলেও দেশ ছেড়ে পালাননি তিনি।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপদে যাওয়ার সুযোগ থাকলেও দেশের মানুষকে শত্রুর মুখে ছেড়ে না যাওয়ার ঘোষণা দিয়েছেন জেলেনস্কি। একই সঙ্গে রুশ বাহিনীর মোকাবিলায় সামরিক পোশাক পরে রাস্তায় নেমেছেন তিনি। তার এমন নেতৃত্ব ও সাহসিকতার প্রশংসা হচ্ছে চারদিকে। কিয়েভ এবং খারকিভসহ বেশ কয়েকটি শহরকে রুশ সেনারা তাদের প্রধান টার্গেট বানিয়েছে মন্তব্য করে জেলেনস্কি আরও বলেন, কিয়েভকে রক্ষার জন্য বিশেষ প্রচেষ্টার প্রয়োজন। আমরা রাজধানী হাতছাড়া করতে পারি না। সূত্র : বিবিসি ও ডেইলি মেইল