রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ০৯:১৩:২৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যে ঘটনা সবার হৃদয়ে নাড়া দিয়েছে!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যে ঘটনা সবার হৃদয়ে নাড়া দিয়েছে!

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে কয়েকদিন হয়ে গেল। গত ২৪ ফেব্রুয়ারি সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরপর ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। দিনভর তিন দিক থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে তারা। এতে ইউক্রেনের ১৩৭ সেনা নিহত হয়েছেন। ঘর ছাড়া হয়েছেন অন্তত ১ লাখ মানুষ।

এদিকে দ্বিতীয় দিনেও চলছে তুমুল লড়াই। ইতোমধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সৈন্যরা। তারপরেও দেশকে বাঁচাতে জীবন বিলিয়ে দিতে পিছপা হচ্ছেন না ইউক্রেনের সৈন্যরা। তেমনই এক আবেগতাড়িত ঘটনা সামনে এসেছে, যা সবার হৃদয়ে নাড়া দিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কৃষ্ণ সাগরের ছোট্ট দ্বীপ স্নেক আইল্যান্ডে দায়িত্বপালন করছিলেন ইউক্রেনের ১৩ জন সেনাসদস্য। বৃহস্পতিবার পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পর স্নেক আইল্যান্ড অবরোধ করে রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ। পরে রুশ সেনারা ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানালে ইউক্রেনের ওই ১৩ জন সেনা তা অস্বীকৃতি জানান। এরপরই সেখানে বো'মা হামলা চালিয়ে ১৩ ইউক্রেনীয় সেনাকে হত্যা করে রুশ বাহিনী।

এদিকে বোমা হামলার আগে যুদ্ধ জাহাজে অবস্থানরত রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের শেষ মুহূর্তের কথপোকথনের একটি অডিও ক্লিপ টুইটার, টিকটকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোতে ভাইরাল হয়েছে।

সেখানে রুশ যুদ্ধ জাহাজ থেকে ইউক্রেনের সেনাদের উদ্দেশে বলতে শোনা যায়, আমি আপনাকে অ'স্ত্রসহ আত্মসমর্পণের পরামর্শ দিচ্ছি, না হলে আমি গু'লি চালাব। জবাবে ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানালে রুশ সেনাদের বো'মা হাম'লায় তাদের সবাই নিহত হন।

এদিকে সেনাদের এই বীরত্বের ভূয়সী প্রসংসা করে তাদের মরণোত্তর পুরস্কার দেওয়া হবে বলেও জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, তারা সবাই বীরত্বের সঙ্গে মৃত্যুকে বরণ করেছেন। তাদেরকে হিরো অব ইউক্রেন (ইউক্রেনের বীর) হিসেবে মরণোত্তর পুরস্কার দেওয়া হবে। সূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে