রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ০১:০৯:৩২

ইউক্রেনের পক্ষ নিয়ে ট্রাম্প বললেন, 'পুতিনের হাতের পুতুল বাইডেন'

ইউক্রেনের পক্ষ নিয়ে ট্রাম্প বললেন, 'পুতিনের হাতের পুতুল বাইডেন'

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এবার প্রশংসার পত্র না দিয়ে ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণকে ট্রাম্প বললেন 'ভয়ঙ্কর'। রাশিয়ার সেনা অভিযানকে আপত্তিকর, নৃশংসতা বলতেও দ্বিধা করেননি তিনি। আর সেই অভিযানের দায় চাপিয়ে দিলেন তার উত্তরসূরি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাঁধে। 

সরাসরি তাকে অকর্মণ্য বা অপদার্থ না বলে ট্রাম্প বললেন, ‘পুতিন দেখছি বাইডেনকে হাতের পুতুল বানিয়ে ফেলেছেন। এটা দেখতে কষ্ট হচ্ছে।’ ফ্লোরিডায় তার দল রিপাবলিকান পার্টির রাজনৈতিক কর্মসূচি সংক্রান্ত সম্মেলনে বাইডেনের বিরুদ্ধে এই ভাবেই সরাসরি তোপ দাগলেন ট্রাম্প। ইউক্রেন পরিস্থিতিতে তার দেশের জনমত কোন দিকে ঝুঁকছে, তা টের পেয়েই দলের রাজনৈতিক সম্মেলনে তার সপ্তাহখানেক আগের ঘোষিত অবস্থান সম্পূর্ণ বদলে ফেলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট।

মানুষের সঙ্গে এই 'প্রতারণা', 'মানুষের উপর এই অবর্ণনীয় অত্যাচার' সংঘটিত হতে দেওয়ার জন্য এ বার ট্রাম্পই দলের রাজনৈতিক সম্মেলনে বাইডেনের কড়া সমালোচনা করে বললেন, ''বাইডেনকে দেখছি পুতিনের হাতের পুতুল হয়ে গিয়েছেন। দেখে কষ্ট হচ্ছে। খুবই দুঃখজনক। পুতিনের সঙ্গে আমার যে বন্ধুত্ব ছিল, তাতে হোয়াইট হাউসে আমি থাকলে এটা কিছুতেই হতে পারত না। ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ ভয়ঙ্কর। আপত্তিকর। নৃশংসতায় ভরা। ইউক্রেনের দেশপ্রেমী মান‌ুষের জন্য প্রার্থনা করছি।'' সূত্র : ইন্ডিয়া টুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে