আন্তর্জাতিক ডেস্ক : রাজধানীসহ ইউক্রেনের বিভিন্ন শহরে তাণ্ডব চালাচ্ছে রাশিয়ার সেনারা। তবে ইউক্রেনও হাল ছাড়তে রাজি না। এমন পরিস্থিতিতে বিপাদে ইউক্রেনে আটকে রয়েছে বহু শিক্ষার্থীরা। সীমান্ত পেরিয়ে দেশে ফেরার আপ্রাণ চেষ্টা করছেন তারা। অনেকে সীমান্তের কাছেও পৌঁছে গিয়েছেন। কিন্তু সেখানে নাকি আরেক বিপদ।
অভিযোগ উঠেছে, ইউক্রেন সীমান্তে শিক্ষার্থীদের কাছে ঘুষ চাওয়া হচ্ছে।বিশ্বের নানা দেশ থেকে তরুণ-তরুণীরা ইউক্রেনে পড়াশোনা করতে যান। যুদ্ধের এই আবহে বিপাকে পড়েছেন তারা। প্রত্যেক দেশই নিজেদের নাগরিকদের ফিরিয়ে আনতে মরিয়া। শিক্ষার্থীদের পোল্যান্ড কিংবা হাঙ্গেরির সীমান্তে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সেই কারণেই অনেকেই ব্যক্তিগতভাবে গাড়ির ব্যবস্থা করে সীমান্তে পৌঁছে যাচ্ছেন।
শোনা যাচ্ছে, পোল্যান্ড সীমান্তে এসে বিপদে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। প্রায় একশো ভারতীয় সেখানে আটকে রয়েছেন। মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে খাবার, জল ছাড়া নাকি থাকতে হচ্ছে তাদের। অভিযোগ, সীমান্তে থাকা নিরাপত্তারক্ষীরা শুধুমাত্র রাশিয়া, পোল্যান্ড ও ইউক্রেনের বাসিন্দাদেরই নাকি সীমান্ত পার হতে দিচ্ছেন। কিন্তু অন্য দেশের নাগরিকদের কাছে ঘুষ চাওয়া হচ্ছে। ২০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার টাকা) ঘুষ না দিলে সীমান্ত পার হয়ে যাওয়া যাবে না। এমন কথাই নাকি বলছেন ইউক্রেন সীমান্তের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা। সূত্র : সংবাদ প্রতিদিন