আন্তর্জাতিক ডেস্ক : ভোট না দেওয়ায় কী উপকারই না হয়েছে রাশিয়ার! তাই প্রশংসা পেতেও দেরি হল না দিল্লির। ইউক্রেন পরিস্থিতিতে বিশ্বের জনমত যখন আক্রান্ত কিয়েভের দিকে, তখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুশ আগ্রাসনের নিন্দা করে আনা প্রস্তাবের উপর ভোটাভুটিতে বিরত থেকে মস্কোর প্রশংসা কুড়িয়ে নিতে দেরি হল না ভারতের নরেন্দ্র মোদির সরকারের।
দিল্লিতে রুশ দূতাবাসের তরফে ভারতের এই অবস্থানের ভূয়সী প্রশংসা করা হয়েছে শনিবার। বলা হয়েছে, ভারতের এই অবস্থান ‘স্বাধীন ও ভারসাম্য রক্ষাকারী’। নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে অংশ নেওয়ার অধিকার রয়েছে যে সব দেশের, ভারসাম্যের দাঁড়িপাল্লাটা রাশিয়ার দিকে ঝুঁকিয়ে রাখতে তাদের মধ্যে শুক্রবার ভারত যেমন চেষ্টার কসুর করেনি, তেমনই বিরত থেকেছে চীন। সংযুক্ত আরব আমিরাতও। তারই স্বীকৃতি হিসাবে রাশিয়ার প্রশংসাপত্র দিল্লি পেয়ে গেল ২৪ ঘণ্টার মধ্যেই।
দিল্লিতে ভারতের অবস্থানের প্রশংসা করে টুইটারে দেওয়া রুশ দূতাবাসের একটি বিবৃতিতে বলেছে, 'আমরা ভারতের অবস্থানের ভূয়সী প্রশংসা করছি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে ভারত স্বাধীন ও ভারসাম্য রক্ষাকারী অবস্থান নিল। এই বিশেষ পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেন নিয়ে ভারতের সঙ্গে বিশদে আলোচনা করতে অঙ্গীকারবদ্ধ হল।'